নদীর প্রতি অবহেলা করায় বিশ্বের অনেক সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে। বুড়িগঙ্গা নদী ধ্বংস হলে ঢাকা শহরও ধ্বংস হবে। নান্দনিক সৌন্দর্য, ফসল, মৎস্য সম্পদ, আবাসন ও সুস্বাস্থ্যের জন্য বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যাসহ সব নদীকে রক্ষা করতে হবে।
গতকাল শুক্রবার সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পল্লীমা গ্রিন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন এবং খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষা কমিটি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এতে ২৩টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক দশক ধরে সরকারের উদাসীনতা, সিদ্ধান্তহীনতা ও সমন্বয়হীনতার কারণে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এবং মেঘনা নদী ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। নদীর দুই পাশ ঘেঁষে ও নদী ভরাট করে বেআইনিভাবে অসংখ্য ঘরবাড়ি ও কলকারখানা গড়ে উঠেছে। কিন্তু সরকারের দুর্বলতা ও অনিচ্ছার কারণে এসব অবৈধ দখলদারকে সরানো যাচ্ছে না। অবিলম্বে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনা নদীকে দখল ও দূষণমুক্ত এবং নদীপাড় থেকে সব ইটিপিবিহীন শিল্পকারখানা ও ট্যানারি অপসারণ করতে হবে।
পল্লীমা সংসদ ও খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা হাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়কারী মিহির বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।