ঢাকার চারপাশসহ সারা দেশের সব জলাশয়, নদী ও খাল থেকে পুরোনো দখলদার উচ্ছেদ এবং নতুন করে যেকোনো দখল ও ভরাটকাজ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনের পক্ষ থেকে জলাশয় ছাড়াও উন্মুক্ত স্থান, পার্ক, খেলার মাঠের প্রমাণিত দখলদারদের নাম ও পরিচয় তালিকা আকারে জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া জলাশয় সংরক্ষণ আইন, ২০০০ কঠোরভাবে প্রয়োগ এবং জরুরি ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণের দাবিও জানিয়েছে তারা।গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে নদী ও খাল পারের জমিগুলোর জন্য একটি পরিবেশবান্ধব ও গণমুখী ভূমি ব্যবহার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের সুপারিশ করা হয়। সংবাদ সম্মেলনে দখলের চিত্র তুলে ধরে বলা হয়, নদী, জমি ও মাঠ দখলের সচিত্র প্রতিবেদন পত্রপত্রিকায় ছাপা হচ্ছে প্রায় প্রতিদিন। রাজধানী ঢাকার চারপাশে ও দেশের বিভিন্ন অঞ্চলে চলছে দখল আর ভরাটের মহোত্সব। এতে জনগণ বিক্ষুব্ধ ও প্রতিবাদমুখর হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একপ্রকার নীরবই রয়েছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাপার সহসভাপতি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান, সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন ও বাপার যুগ্ম সম্পাদক স্থপতি সালমা এ শফি। মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার নগরায়ণ ও সুশাসন কর্মসূচির সদস্যসচিব, স্থপতি ইকবাল হাবিব।এ এস এম শাহজাহান তাঁর বক্তব্যে সব নগর কর্তৃপক্ষের সর্বোচ্চ জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে পরিবেশের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আবদুল মতিন বলেন, জলাধার সংরক্ষণ আইন, ২০০০ জারি থাকার পরও, রাজধানী ঢাকার চারদিকে ও দেশব্যাপী চলছে জলাশয়, নদী, খাল দখল ও ভরাটের অপকর্ম। উচ্চ আদালতের রায়, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও প্রবল প্রত্যয়ের পরও সরকারি প্রশাসন কোনো কোনো ক্ষেত্রে এসব ঠেকাতে অপারগ, অথবা অধিকাংশ ক্ষেত্রেই নির্বিকার।মূল বক্তব্যে ইকবাল হাবিব ঢাকা মহানগরের চারপাশের অবৈধ দখল ও ভরাটের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন।