নদী রক্ষায় সীমানা খুঁটি পোঁতা শুরু
ঢাকা ও আশপাশের নদীগুলোয় দখল ঠেকাতে সীমানা খুঁটি পোঁতার কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল মঙ্গলবার টঙ্গী কামারপাড়া সেতুসংলগ্ন তুরাগ নদের তীরে সীমানা খুঁটি দিয়ে কাজের সূচনা করা হয়। নদীর তীরে পায়ে চলার পথ বা ‘ওয়াকওয়ে’ও তৈরি করা হবে। এ কাজে জেলা প্রশাসন বিআইডব্লিউটিএকে সহায়তা দিচ্ছে। এ বিষয়ে টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থা মাঠে গতকাল বিকেলে সচেতনতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু এবং ধলেশ্বরী নদীর তীরে সীমানা খুঁটি পোঁতা হবে। এ কাজে ৩০ কোটি সাত লাখ ৭৮ হাজার টাকা ব্যয় হবে। অনুষ্ঠানে আরও জানানো হয়, নদীর অবৈধ দখল উচ্ছেদ, নদীর তীরে পায়ে চলার পথ বা ‘ওয়াকওয়ে’ তৈরি, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। মৃতপ্রায় নৌপথের নাব্যতা উন্নয়নে আগামী মাসে বিআইডব্লিউটিএর ড্রেজার বহরে নতুন তিনটি ড্রেজার সংযোজিত হবে। শিগগিরই ১০টি ড্রেজার কেনা হবে এবং বিদেশ থেকে সাতটি ড্রেজার আমদানি করা হবে। নদী খননে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও উৎসাহিত করা হচ্ছে। বর্তমান সরকার নদী খননের জন্য প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। ৩৯ কোটি টাকা ব্যয়ে বুড়িগঙ্গার তীরে পাঁচ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া ৯৯ কোটি টাকা ব্যয়ে অন্যান্য নদীর পাড়ে গাইড বাঁধ ও ‘ওয়াকওয়ে’ নির্মাণ করা হবে।অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী ও নদী রক্ষাসংক্রান্ত টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান বলেন, দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যারা নদীকে দখল ও দূষণ করছে, তারা এ যুগের রাজাকার। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী রেজাউল করিম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মো. জাহিদ আহসান ও সানজিদা খানম, নৌ-সচিব আবদুল মান্নান হাওলাদার, বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. আবদুল মালেক মিয়া, টঙ্গী পৌরসভার মেয়র মো. আজমত উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।