নদীতীরের অবৈধ দখলদার উচ্ছেদ আইন সংস্কার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী-তীরবর্তী অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিদ্যমান উচ্ছেদ আইন সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের কাছ থেকে সংস্কার-প্রস্তাব পাওয়ার পর নদীবিষয়ক টাস্কফোর্স সেগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেবে।গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত টাস্কফোর্সের ১২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। টাস্কফোর্স দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা ও নদীর গতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পরামর্শ দেওয়া, সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। টাস্কফোর্সের সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকালের সভায় সভাপতিত্ব করেন। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, সাংসদ আ ক ম মোজাম্মেল হক, সাংসদ মো. আসলামুল হক, পানিসম্পদ ও ভূমি মন্ত্রণালয়ের সচিব ও সংস্থা প্রধান, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রশাসক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সভায় বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদ অবৈধ দখলদারমুক্ত ও নদের সীমানা চিহ্নিত করতে হাইকোর্টের নির্দেশনার ব্যাপারে সময় বাড়িয়ে দিতে হাইকোর্টে আবেদন করার সিদ্ধান্ত হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার শেষ সময় ৩১ মে। সভায় বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গী এলাকায় ১৩৮টি স্থান দিয়ে শিল্প ও মনুষ্য বর্জ্য নদীতে যায়। এসব বর্জ্য দূষণরোধে মাসে দুই থেকে তিন দফায় সেসব এলাকায় ভ্রাম্যমাণ দল পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রাজধানীর খালগুলো দখল, দূষণমুক্ত ও সংস্কার করতে ঢাকা ওয়াসা ও জেলা প্রশাসন নিয়মিত তদারকি করবে।নদী এলাকায় অবস্থিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিষয়ে করণীয় নির্ধারণে ১৮ মে ওলামা-মাশায়েখদের সঙ্গে আলোচনা করা হবে বলেও সভায় জানানো হয়। প্রসঙ্গত, দখল ঠেকাতে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদের তীরে সীমানা খুঁটি স্থাপনের লক্ষ্যে জরিপ চালানো হয়েছে। ১২ এপ্রিল থেকে গণসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি গাজীপুর জেলা প্রশাসনের এলাকাধীন তুরাগ নদের তীরে খুঁটি স্থাপন শুরু হয়। কিন্তু শুরুতেই অসংগতি দেখা দেয়। রড-সিমেন্টের পাকা খুঁটি বসানো হয় নদীর মধ্যে। এভাবে খুঁটি স্থাপন করে দখলদারদের পক্ষেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সংবাদপত্র ও বিভিন্ন টিভি চ্যানেলে খবর প্রকাশিত হওয়ার পর খুঁটি স্থাপনের কাজ বন্ধ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অপর এক সভায় সিদ্ধান্ত হয়, নদীর পাড়ে সীমানা খুঁটি স্থাপনের ক্ষেত্রে কোথাও যৌক্তিক আপত্তি থাকলে তা পরীক্ষা করে কাজ শুরু করা হবে। আপত্তি না থাকলে খুঁটি স্থাপনের কাজ চলবে। আর জটিল সমস্যা সমাধানে আদালতের পরামর্শ নেবে সরকার।সীমানা খুঁটি স্থাপনের ক্ষেত্রে কোথাও সমস্যা দেখা দিলে তা সমাধান করতে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ ছাড়া নদীর তীরে সীমানা খুঁটি স্থাপনের সিদ্ধান্তটিও ছিল নদীবিষয়ক টাস্কফোর্সের। এ কাজে ৩০ কোটি সাত লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ের একটি হিসাবও করা হয়।এ ছাড়া বর্তমান সরকার নদী খননের জন্য প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ের মহাপরিকল্পনা হাতে নেয় আগেই। বুড়িগঙ্গার তীরে হাঁটার জন্য ৩৯ কোটি টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার পথ নির্মাণের কথাও আছে। এ ছাড়া ৯৯ কোটি টাকা ব্যয়ে অন্যান্য নদীর পাড়ে গাইড বাঁধ ও হাঁটাপথ নির্মাণ করা হবে।