নদীদূষণের অন্যতম কারণ কারখানার বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নদীদূষণের অন্যতম কারণ বিভিন্ন ধরনের শিল্পকারখানার বর্জ্য। বিশ্বব্যাংকের এক জরিপে দেখা গেছে, সাড়ে সাত হাজার শিল্পকারখানা ৮৯ শতাংশ নদীদূষণের জন্য দায়ী। তবে এর মানে এই নয় যে সব শিল্পকারখানাই নদীদূষণ করে।মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা একথা বলেছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে পরিবেশ দূষণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এমসিসিআই এ বছর থেকে পরিবেশ পুরস্কার চালু করেছে। গতকাল বুধবার এমসিসিআইয়ের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, দেশে নতুন কলকারখানা প্রতিষ্ঠার জন্য বর্জ্য শোধনাগার স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে পুরোনো কারখানাগুলোতেও বর্জ্য পরিশোধনাগার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়ন বর্তমান প্রেক্ষাপটে সর্বোত্তম। এ জন্য সরকার বাস্তবসম্মত শিল্প ও পরিবেশনীতি গ্রহণ করেছে। এমসিসিআইয়ের সভাপতি আনিস উদ্ দৌলা বলেন, পরিবেশ নিয়ে শুধু সরকার নয়, বেসরকারি খাতের ব্যবসায়ী, সুশীলসমাজ এবং প্রত্যেক নাগরিকের নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা উচিত। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, ইকোটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফিকুল হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, ডেইলি স্টার-এর সাংবাদিক পিনাকী রায় প্রমুখ বক্তব্য দেন। কলকারখানার বর্জ্যে নদীদূষণ, দূষণ রোধে করণীয় এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে অবদান রাখার জন্যই মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এ বছর দুজন সেরা সাংবাদিক ও একটি সেরা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। নিজ কারখানায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বর্জ্য পরিশোধনে সর্বাধুনিক ব্যবস্থাপনা চালু করায় গাজীপুরের ইকোটেক্স লিমিটেড সেরা শিল্পপ্রতিষ্ঠানের পুরস্কার লাভ করেছে। এ ছাড়া নদীদূষণ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে পুরস্কার পেয়েছেন প্রিন্ট মিডিয়ায় ডেইলি স্টারের সাংবাদিক পিনাকী রায় এবং টেলিভিশনে এটিএন বাংলার সাংবাদিক এস এম বাবু। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিজয়ী প্রত্যেকে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদ পেয়েছেন। পুরস্কার গ্রহণ করে ইকোটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রবাসী শাফিকুল হাসান বলেন, তিনি তাঁর কারখানায় সর্বাধুনিক প্রযুক্তির বর্জ্য পরিশোধনাগার করেছেন। এই কারখানার পানি মাছ ও চাষাবাদের কোনো ক্ষতি করবে না।