নন-ক্যাডার পদে অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডার পদে উত্তীর্ণ ব্যক্তিদের অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। এই দাবিতে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করা হয়। আজ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সামনে অবস্থান এবং প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ২৮তম বিসিএসের লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট পাঁচ হাজার ১০৫ জন। তাঁদের মধ্যে পিএসসি দুই হাজার ১৯০ জনকে বিভিন্ন ক্যাডারে এবং বাকি দুই হাজার ৯১৫ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের অধ্যাদেশের আলোকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাইলে ১৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে দুই হাজার ৭০০ জন আবেদনপত্র জমা দেন। প্রার্থীরা বলেন, সম্প্রতি পিএসসির চেয়ারম্যান দাবি করেছেন, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর যথাযথভাবে চাহিদাপত্র দিচ্ছে না। এ কারণে ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের আগে ২৮তম বিসিএসে উত্তীর্ণ সবাইকে চাকরি দেওয়া সম্ভব না-ও হতে পারে। কারণ বিধিমালা অনুযায়ী ২৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের দিন থেকে ২৮তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আবেদনকারীদের অনেকের বয়স বেশি হয়ে যাওয়ায় নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না করলে অনেকেই আর চাকরি করতে পারবেন না। দ্রুত নিয়োগের জন্য তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।