নন-ক্যাডার পদে নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রায় তিন হাজার প্রার্থীকে ক্যাডার পদে সুপারিশ করা হয়নি। ওই প্রার্থীরা অবিলম্বে নন-ক্যাডার পদে নিয়োগের দাবি জানিয়েছেন। দাবি না মানলে তাঁরা আগামী ৩ ও ৪ ডিসেম্বর অনশন এবং পরে আমরণ অনশন পালনেরও হুমকি দিয়েছেন।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নন-ক্যাডার প্রার্থীরা। এ সময় বক্তব্য দেন নিগার সুলতানা, মোহাম্মদ হোসেন, স্বপন, তুহিন, বাদল প্রমুখ। উত্তীর্ণ হওয়া প্রার্থীরা বলেন, তাঁরা যোগ্যতাবলে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু পদ নেই বলে তাঁদের চাকরি দেওয়া হচ্ছে না। অথচ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রায় ৩৬ হাজার প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদ শূন্য।এ বছরের ৩ জুন ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়। এতে পাঁচ হাজার ১০৫ জন উত্তীর্ণ হন। ক্যাডার পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে দুই হাজার ৯০ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়। বাকি দুই হাজার ৯১৫ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের তালিকায় রাখা হয়। নন-ক্যাডারদের নিয়োগ দিতে একটি বিধিমালাও জারি করা হয়। কিন্তু পাঁচ মাসে মাত্র দুজন নিয়োগ পেয়েছেন।