ফরমালিনযুক্ত মাছ রাখার কারণে রাজধানীর গুলশানের বিক্রয় প্রতিষ্ঠান নন্দনকে গতকাল বৃহস্পতিবার সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে কোনো জরিমানা করা হয়নি। অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী হাকিম রাসেলুল কাদের প্রথম আলোকে বলেন, নন্দন ফরমালিন শনাক্তের জন্য বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) রাসায়নিক কিট ব্যবহার করে। ওই কিট দিয়ে পরীক্ষা করে মাছে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। তবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের রাসায়নিক পরীক্ষা করে ফরমালিন পাওয়া গেছে। হাকিম বলেন, যেহেতু নন্দন কর্তৃপক্ষ ফরমালিনমুক্ত মাছ রাখার ব্যাপারে তৎপরতা দেখিয়েছে, তাই তাঁদের সতর্ক করে দিয়ে বিএসটিআইয়ের রাসায়নিক পদার্থ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।বিসিএসআইআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাসিমা খান বলেন, মাছ মরে যাওয়ার পর পচন রোধে প্রাকৃতিকভাবে কিছু ফরমালিন সৃষ্টি হয়। বিএসটিআইয়ের রাসায়নিক পদার্থ দিয়ে যদি সেই ফরমালিন শনাক্ত হয়, তাহলে তা অর্থহীন। দেখতে হবে ফরমালিন আরোপিত কি না। বিসিএসআইআরের কিট আরোপিত ফরমালিনকে চিহ্নিত করে।এদিকে বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নন্দন ছাড়াও গুলশানের বিভিন্ন বিক্রয় প্রতিষ্ঠানে গতকাল অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু পরীক্ষা করে প্রতিষ্ঠানে রাখা আম, কলা, আপেলসহ বিভিন্ন ফলে রাসায়নিক দ্রব্যের উপস্থিতি পাননি।