মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে (এমএফএসটিসি) সদ্যোজাত ছেলেসন্তানকে সরিয়ে ফেলে তার বদলে একটি মৃত মেয়েশিশু দেওয়ার অভিযোগ করেছে এক প্রসূতির পরিবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, শিশুটির পরিচয় নিশ্চিত করতে তার পরিবার ডিএনএ পরীক্ষা করতে পারে। পুলিশ বলছে, বিষয়টি ভুল-বোঝাবুঝি হতে পারে। ময়নাতদন্তের জন্য মৃত শিশুটির মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
শামসুল ইসলাম নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ‘আমার স্ত্রী পারভীন আক্তারকে গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাম পরীক্ষা করা হলে তাঁর ছেলেসন্তান আসছে বলে চিকিৎসকেরা আগে জানিয়েছিলেন। মঙ্গলবার সকালে নরমাল ডেলিভারির পর একজন আয়া আমাকে প্রথমে জানায়, আমার ছেলে হয়েছে। কিন্তু পরে আমাকে বলা হয়, আমার স্ত্রী মৃত সন্তান প্রসব করেছে, আর সেটি মেয়ে ছিল।’
মৃত শিশুটির স্বজন রতন মিয়া বলেন, সকালে পারভীন আক্তার প্রচণ্ড যন্ত্রণা নিয়ে দুজন প্রতিবেশীকে নিয়ে হাসপাতালে পৌঁছান। কিন্তু সন্তান জন্মানোর পর থেকেই হাসপাতালের আয়া ও সিস্টাররা অদ্ভুত আচরণ শুরু করেন। তাঁরা একবার জানান শিশুটি ছেলে, আরেকবার জানান মেয়ে। ঘণ্টা খানেক পর তাঁদের জানানো হয় পারভীনের একটি মৃত মেয়েশিশু জন্মেছে। এর মধ্যে কয়েকবার তাঁদের ওষুধ আনতে পাঠানো হয়। যে প্রতিবেশীরা পারভীন আক্তারকে নিয়ে আসেন তাঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, গর্ভধারণের পর থেকেই পারভীন মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারে চেকআপে ছিলেন। হাসপাতালের বাইরে যখন আলট্রাসনোগ্রাম করানো হয়েছে, তখন তাঁকে ছেলেসন্তান হবে বলে জানানো হয়েছিল। সন্তান জন্মানোর পর মাকে দেখানো হয়নি বলেও তাঁরা অভিযোগ করেন।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক মো. মুনিরুজ্জামান সিদ্দিকী বলেন, ‘বাচ্চা বদলের কোনো সুযোগ নেই। সকালে পারভীন ছাড়া আর কোনো নারীর স্বাভাবিক প্রসব হয়নি।’ তিনি আরও বলেন, পারভীন এই হাসপাতালেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছিলেন। গত ৯ তারিখ তিনি যখন আসেন, তখন তাঁর উচ্চ রক্তচাপ ছিল। চিকিৎসকেরা তাঁকে ১২ তারিখে আসতে বলেছিলেন। তিনি আসেননি। মঙ্গলবার সকালে তাঁকে যখন হুইলচেয়ারে করে লিফটে ওঠানো হচ্ছিল তখন হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক হেলেনা জাবীন লিফটে ছিলেন। পারভীনের নাড়ি তখন বেরিয়ে এসেছে। নাড়ি বেরিয়ে আসার পর সন্তান প্রসবে যত দেরি হবে, শিশুর বেঁচে থাকার সম্ভাবনা তত কমবে। জ্যেষ্ঠ পরামর্শক তাই সঙ্গে সঙ্গেই পারভীনকে প্রসব করানোর উদ্যোগ নেন। তিনি বেরিয়ে আসা নাড়ি পরীক্ষা করে দেখেন গর্ভস্থ শিশুটি মারা গেছে। হেলেনা জাবীন তখনই শিশু চিকিৎসককে ডেকে পাঠান। মো. মুনিরুজ্জামান সিদ্দিকী বলেন, ‘সাধারণত মৃত সন্তান জন্মানোর খবর আমরা একটু ধীরে-সুস্থে দিই। সে কারণেই হয়তো ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।’
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর প্রথম আলোকে বলেন, এ ঘটনা নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। তারপরও মৃত শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।