নবজাতকের লাশ উদ্ধার, ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে গতকাল শনিবার একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া একই দিন ডেমরায় ছাদ থেকে পড়ে মো. সম্রাট (১০) নামের এক শিশু মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে টিএসসি এলাকার ফুটপাত থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। নবজাতকের বয়স দুই-তিন দিন হবে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন আছে বলে মর্গ সূত্র জানিয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ডেমরার ডগাইল এলাকায় নিজেদের একতলার বাসার ছাদে খেলা করার সময় পড়ে আহত হয় সম্রাট। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্রাটের বাবার নাম আবদুল ভূঁইয়া।