নববধূর মৃত্যু, স্বামী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। বেলা দেড়টা। ২৫-২৬ বছরের এক যুবককে ঘিরে আছেন কয়েকজন লোক। যুবকটি বারবার তাঁর মাথা দিয়ে হাসপাতালের স্ট্রেচারে আঘাত করছেন আর বলছেন, ‘এ আমি কী দেখলাম!’ তাঁর মাথা ফেটে রক্ত ঝরছে, হাতে-পায়ে গুরুতর জখম।

কাছে গিয়ে জানা গেল, আর্তনাদরত যুবকের নাম আল-আমিন। তিনি হাসপাতালে আসার ঘণ্টা খানেক আগে মারা গেছেন তাঁর নববিবাহিতা স্ত্রী রাহিদা আক্তার (১৯)। প্রথমে একটি বাসের ধাক্কায় তাঁর স্ত্রী পড়ে যান, পরে দ্রুতগতির আরেকটি পিকআপ তাঁর স্ত্রীকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আর মর্মান্তিক এই ঘটনাটি ঘটে আল-আমিনের চোখের সামনেই।

হাসপাতালে রাহিদার খালা শিফা আক্তার জানান, রাহিদার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আর আল-আমিনের বাড়ি গোপালগঞ্জে। পারিবারিকভাবে নয় দিন আগে তাঁদের বিয়ে হয়। কচুক্ষেত এলাকায় একটি মসজিদে ইমামতি করেন আল-আমিন।

স্বজনেরা বলেন, বিয়ের পর সিদ্ধিরগঞ্জে বেড়াতে এসেছিলেন এই দম্পতি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে তাঁরা ঢাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আল-আমিন, রাহিদা পেছনে বসা ছিলেন। দুপুর ১২টার দিকে তাঁরা যাত্রাবাড়ী থানার রায়েরবাগের হাশেম রোডে এলে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। তাঁরা রাস্তায় পড়ে থাকা অবস্থায় পেছন থেকে আরেকটি দ্রুত গতির পিকআপ আসে। ভ্যানের চাকা রাহিদার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রাহিদা। খবর পেয়ে তাঁদের স্বজন ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। বেলা একটার দিকে তাঁদের হাসপাতালে আনা হয়। চিকিৎসক রাহিদাকে মৃত ঘোষণা করেন এবং আল-আমিনকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যান। আল-আমিন শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাস ও পিকআপ ভ্যান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। রাহিদার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।