নববর্ষ বরণে ব্যাপক নিরাপত্তার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে এবারও থাকবে পুলিশ ও র‌্যাবের নিরাপত্তা আয়োজন। পয়লা বৈশাখ ভোর থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক এলাকায় কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরবাসীকে সন্ধ্যা ছয়টার মধ্যে এসব এলাকা ছাড়তে বলেছে পুলিশ।গতকাল বৃহস্পতি-বার ঢাকা মহানগর পুলিশ ও র‌্যাবের পৃথক সংবাদ সম্মেলনে নিরাপত্তা প্রস্তুতির কথা বলা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, রমনা বটমূলের নিরাপত্তায় যোগ হচ্ছে বোমা অপসারণকারী রোবট। এই প্রযুক্তিটি দিয়ে দূর থেকেই বোমা নিষ্ক্রিয় করা সম্ভব হবে। তবে জনসমাগমস্থলে কেউ যেন বোমা পাততে না পারে, সে জন্য পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।কমিশনার বলেন, এবারও শুধু সোহরাওয়ার্দী উদ্যানে ভাসমান ব্যবসায়ীদের (হকার) বসতে দেওয়া হবে। গতকাল সকালে রমনা বটমূল এলাকায় নিরাপত্তা প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান। এ সময় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল, গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান, র‌্যাব-৩-এর পরিচালক রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র‌্যাব কর্মকর্তারা বলেন, ঢাকায় দুই হাজার ও সারা দেশে আড়াই হাজার র‌্যাব সদস্য মোতায়েন থাকবেন। সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করবেন র‌্যাব সদস্যরা, থাকবে মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড। যেকোনো সহযোগিতার জন্য ০১৭১৪০৯৩৫০৩ ও ০১৭১৩৪৪৪৩৩৩ এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে র‌্যাব।