নববর্ষ সামনে রেখে দাম চড়েছে ইলিশের
কাল বুধবার বাংলা নববর্ষ। বাঙালির এই বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ পান্তা-ইলিশ। কিন্তু পয়লা বৈশাখ সামনে রেখে গতকাল সোমবার থেকেই রাজধানীর বাজারে ইলিশ মাছের দাম বেড়ে গেছে। যাঁরা কম দামে ইলিশ কেনার জন্য গতকাল মাছের বাজারে গিয়েছিলেন, দাম শুনে তাঁদের হতাশ হতে হয়েছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ছোট আকারের ইলিশের দামই কমপক্ষে ২০০ টাকা। এর চেয়ে সামান্য বড় প্রতিটির দাম ৪০০ টাকা। এক কেজি ওজনের প্রতিটি মাছের দাম হাঁকানো হচ্ছে এক হাজার টাকা। এর চেয়ে একটু বড় হলেই দাম চাওয়া হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা। দেড় কেজি ওজনের একটি ইলিশের দাম হাঁকানো হয় দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা। দুই-তিন দিন আগেও এসব ইলিশের দাম ছিল প্রায় অর্ধেক। মাছ ব্যবসায়ীরা বলেছেন, পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম ঘাটেই বেড়ে গেছে।বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পরেশ চন্দ্র বিশ্বাস গতকাল বিকেলে কারওয়ানবাজারে এক কেজির একটু কম ওজনের এক হালি ইলিশের দাম জানতে চাইলে বিক্রেতা বললেন, চার হাজার টাকা। দাম শুনে পরেশ জানান, এ আকারের একটি ইলিশের দাম ৩০০ থেকে ৪০০ টাকার বেশি হওয়ার কথা নয়। দাম বেশি সম্পর্কে জানতে চাইলে মাছ বিক্রেতা আবদুস সালাম জানান, কাল (মঙ্গলবার) দাম আরও বাড়বে। বুধবারের পর দাম কমবে। নয়াবাজারের মাছ বিক্রেতা অরুণ মাঝি জানান, তিনি সকালে প্রতিটি প্রায় দেড় কেজি ওজনের এক হালি পদ্মার ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি করেছেন। ঘাট থেকে প্রতি হালি ইলিশ তিনি কিনেছেন সাত হাজার টাকায়। আরেক মাছ ব্যবসায়ী স্বপনের কাছে ইলিশের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে তিনি জানান, বৈশাখ উপলক্ষে দাম একটু বেশি। দুপুরে নয়াবাজারে ইলিশ কিনতে আসা ডেকোরেটর ব্যবসায়ী আসিফ হোসেন বলেন, ‘বৈশাখ উপলক্ষে গ্রাম থেকে ভাই-বোন আসবে, একত্রে পান্তা-ইলিশ খাব। এ কারণে দাম যাই হোক, ইলিশ কিনতে হবে।’