পয়লা বৈশাখে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রমনা পার্কের আশপাশে মোতায়েন থাকবে সাড়ে ছয় হাজার পুলিশ ও আড়াই হাজার র্যাবের সদস্য। থাকবে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। অনুষ্ঠানস্থলে যাওয়ার পথেও একাধিক চৌকি বসিয়ে তল্লাশি করা হবে।রমনার পাশাপাশি রমনা ও ধানমন্ডি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র্যাব। গতকাল থেকেই রমনা পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সিসিটিভি দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে, থাকবে গোয়েন্দা নজরদারি। রমনা পার্কের বাইরে রাজধানীতে মোট ১৭৪টি অনুষ্ঠানস্থলেও থাকবে নিরাপত্তাব্যবস্থা।গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহিদুল হক রমনা পার্ক এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নাশকতার কোনো আশঙ্কা নেই। নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার নামে কোনো কড়াকড়ি থাকবে না।তিনি বলেন, মা-বাবার সঙ্গে আসা বাচ্চারা যাতে হারিয়ে না যায়, এ জন্য কাজ করবে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’। নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুষ্ঠানস্থলে সাদা পোশাকে গোয়েন্দারা দায়িত্ব পালন করবে।গতকাল দুপুরে রমনা বটমূল ও ধানমন্ডির রবীন্দ্রসরোবর এলাকায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মতিউর রহমান। তিনি সাংবাদিকদের জানান, শুধু রমনায় ৩০টি সিসিটিভি দিয়ে পুরো এলাকাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। শব্দ ও ছবি ধারণ করতে পারে এমন বিশেষ যন্ত্র দিয়ে অনেক দূর পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া প্রথমবারের মতো মঙ্গল শোভাযাত্রাতেও সিসিটিভি থাকবে।যান চলাচল বন্ধ থাকবে যে রাস্তাগুলোতে: রমনা থানা থেকে টেলিযোগাযোগ ভবন হয়ে শেরাটন-পিজি (শাহবাগ) ক্রসিং হয়ে টিএসসি-দোয়েল চত্বর-হাইকোর্ট হয়ে বেইলি রোড পর্যন্ত; পিজি-মৎস্য ভবন-কদমফুল (প্রেসক্লাব) ক্রসিং হয়ে হাইকোর্ট পর্যন্ত; শেরাটন ক্রসিং থেকে হেয়ার রোড-কাকরাইল মসজিদ ক্রসিং, চার্চ ক্রসিং হয়ে মৎস্য ভবন পর্যন্ত; নীলক্ষেত থেকে টিএসসি পর্যন্ত; পলাশীর মোড় থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর পর্যন্ত এবং বকশীবাজার থেকে জগন্নাথ হল হয়ে টিএসসি পর্যন্ত।প্রবেশ ও বের হওয়ার ফটক: রমনার চারটি নির্দিষ্ট ফটক দিয়ে প্রবেশ করা যাবে। এগুলো হলো অরুণোদয় ফটক, অস্তাচল ফটক, বৈশাখী ও অস্তাচলের মধ্যবর্তী নতুন ফটক এবং রমনা রেস্তোরাঁ ফটক। তবে কাকরাইল মসজিদের দক্ষিণে শ্যামলিমা গেট দিয়ে প্রবেশ ও বের হওয়া যাবে। আর শুধু বের হওয়ার ফটকগুলো হলো উত্তরায়ন ফটক, স্টার ফটক ও বৈশাখী ফটক।আর সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-সংলগ্ন ফটক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন ফটক ও তিন নেতার মাজার-সংলগ্ন ফটক ব্যবহার করতে হবে। আর বের হতে হবে চারুকলার বিপরীতের ফটক ও রমনা কালী মন্দিরের ফটক দিয়ে। সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন ফটক বন্ধ থাকবে।