নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ২০০ কোটি টাকার তহবিল গঠিত
সৌর বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ২০টি ব্যাংকের মাধ্যমে ওই টাকা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য ঋণ হিসেবে উদ্যোক্তাদের দেওয়া হবে। স্বল্প সুদের ওই ঋণ হবে তিন বছর মেয়াদি।গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী ব্র্যান্ডিজ ইউনিভার্সিটির শিক্ষক সাজেদ কামালের দি আনট্যাপড এনার্জি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনাবাসী বাংলাদেশিদের সংগঠন ‘এনআরবি’র অংশ ‘স্কলার্স বাংলাদেশ’ ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।সাজেদ কামাল বিভিন্ন দেশের নবায়নযোগ্য শক্তি উৎপাদন-প্রক্রিয়া ও বর্তমান অবস্থা নিয়ে গবেষণাধর্মী ওই বইটি রচনা করেন। এটি মূলত ‘প্রথম অনাবাসী বাংলাদেশি সম্মেলন ২০০৭’-এ তাঁর পঠিত প্রবন্ধ ‘দি এনার্জি মাইন: দ্যা রেভল্যুশনারি স্কোপ অব রিনিউয়েবল এনার্জি টেকনোলজি ফর বাংলাদেশ’-এর সম্প্রসারিত রূপ।গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করে আতিউর রহমান বলেন, ‘শুধু তেল, গ্যাস—এসবের ওপর নির্ভর করে বসে থাকলে হবে না। এখনই আমাদের বিকল্প নবায়নযোগ্য জ্বালানি নিয়ে চিন্তা করতে হবে।’বইয়ের প্রণেতা সাজেদ কামাল বলেন, টিকে থাকতে হলে তেল, গ্যাস, ইউরেনিয়াম ও কয়লার মতো খনিজ সম্পদগুলোর সীমিত ব্যবহার করতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য শক্তি উৎপাদন করতে হবে। এজন্য অর্থ কোনো সমস্যা নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংবাদিক কামাল লোহানী, সৌরশক্তি সমিতির সাধারণ সম্পাদক সাইফুল হক, অধ্যাপক সালাউদ্দীন আহমেদ, রহিমআফরোজের পরিচালক মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা দ্রুত নবায়নযোগ্য শক্তি উৎপাদনের নীতিমালা প্রণয়ন, জনগণকে উৎসাহিত করা, প্রণোদনার ব্যবস্থা প্রভৃতির ওপর গুরুত্বারোপ করেন।