নবীন চিকিৎসকদের গড়ে তুলতে বিশেষজ্ঞদের উদ্যোগী হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, নবীন চিকিৎসকদের গড়ে তোলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের আরও উদ্যোগী হতে হবে। দেশে চিকিৎসাবিজ্ঞানের প্রতিটি শাখায় দক্ষ চিকিৎসকের অভাব রয়েছে মন্তব্য করে তিনি গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন। মন্ত্রী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিশ্ব কিডনি দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি রোগের চিকিৎসায় বাংলাদেশ আন্তর্জাতিক মানে পৌঁছেছে। কিন্তু এই মান ধরে রাখতে, আরও উৎকর্ষ সাধন করতে শিক্ষা-প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বর্তমানে ভালো চিকিৎসকদের সমপর্যায়ের চিকিৎসক তৈরি হচ্ছে না। কিডনি দিবস পালিত: ‘কিডনি সুস্থ রাখুন, হার্ট রক্ষা করুন’—এই স্লোগান নিয়ে গতকাল বিভিন্ন সংগঠন কিডনি দিবস উদ্যাপন করে। সকালে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন ও পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি যৌথভাবে একটি শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা শেষে সংগঠনগুলো দেশে কিডনি রোগের চিকিৎসা ও আনুষঙ্গিক নানা বিষয়ে আলোচনা করে। আলোচকেরা বলেন, কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এতে আক্রান্ত হয়ে শুধু যে রোগীই মারা যায় তা নয়, পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়ে।জাতীয় অধ্যাপক ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব আবদুল মালিক কিডনি রোগীদের সুচিকিৎসায় যার যতটুকু সামর্থ্য আছে, ততটুকু নিয়েই এগিয়ে আসার আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বাংলাদেশের ব্যবসায়ীদের শুধু ব্যবসার চিন্তা বাদ দিয়ে ভারতের শিল্পোদ্যোক্তা টাটা-বিড়লাদের অনুকরণে চিকিৎসাসেবার ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান।এ ছাড়া কিডনি রোগে আক্রান্ত হওয়ার আগেই সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয় সবাইকে। বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি হারুন আর রশিদ বলেন, কিডনির কার্যকারিতা এক শতাংশ হ্রাস পেলে হূদরোগের ঝুঁকি ২ দশমিক ২ শতাংশ বাড়ে। শুরুতে ধরা পড়লে সহজেই এই রোগের চিকিৎসা সম্ভব।বাংলাদেশ পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটির সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, সরকার শিশুদের কিডনি রোগের চিকিৎসায় ৪৩টি পদ তৈরি করেছে, কিন্তু এই রোগে আক্রান্ত ৪৯ লাখ শিশুর জন্য ক্রমান্বয়ে চিকিৎসাসেবার আওতা আরও বাড়াতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাবুিবর রহমান ও মহাসচিব শহিদুল ইসলাম।