বায়ান্নর ভাষাসৈনিকদের হাত ধরে, মশাল জ্বেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার বিকৃতি রোধের শপথ নিয়েছেন নতুন প্রজন্মের ভাষাপ্রেমীরা। একুশে চেতনা পরিষদের সভাপতি ও ভাষাসৈনিক আহমদ রফিকের নেতৃত্বে ‘জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষা চালু’সহ ১১ দফা (ভাষা আন্দোলনের সেই ১১ দফা দাবি) দাবি জানিয়েছেন প্রবীণ-নবীন ভাষাপ্রেমীরা। গতকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করে শপথ অনুষ্ঠানে এ দাবি জানান ভাষাযোদ্ধা ও নবীন ভাষাপ্রেমীরা। এর আগে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত ভাষাসৈনিকদের সমাবেশের শেষ দিনে স্মৃতিচারণা করেন ভাষাযোদ্ধারা। একুশে চেতনা পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী এ সমাবেশে সারা দেশ থেকে ৫৭ জন ভাষাসংগ্রামী যোগ দিয়েছেন। ‘সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে বাধাটা কোথায়?’...স্মারক বক্তৃতায় এ প্রশ্ন তোলেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। সমাপনী দিনের প্রথম অধিবেশনে ভাষাযোদ্ধা রওশন আরা বাচ্চুর সভাপতিত্বে বায়ান্নর স্মৃতিচারণা করেন ভাষাযোদ্ধা মোশারফ হোসেন আকুঞ্জি, সুফি মোতাহার হোসেন, সাইফুল ইসলাম ও মঈনুদ্দীন নিয়াজী। দুপুরে ‘সর্বস্তরে বাংলা প্রচলন’ শীর্ষক ভাষা শহীদ স্মারক বক্তৃতায় সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। পরে ভাষাযোদ্ধা আহমদ রফিকের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত ভাষাসৈনিকেরা। ভাষাসৈনিকদের অভিযোগ, ১৯৮৭ সালে ‘বাংলা ভাষা প্রচলন আইন’ প্রণীত হলেও জাতীয় জীবনের কোথাও তার কোনো প্রয়োগ নেই। একুশে চেতনা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ভাষাসৈনিকদের স্মৃতিস্মারক উপহার দেওয়া হয়। আয়োজকেরা জানান, জীবিত ৬০ জন ভাষাসৈনিকের জন্য তাঁরা স্মৃতিস্মারক তৈরি করেছেন। অসুস্থতার জন্য যাঁরা অনুষ্ঠানে আসতে পারেননি, পরিষদ তাঁদের বাসায় তা পৌঁছে দেবে। সমাবেশের শেষ পর্বে সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা।