নভেম্বরকে নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ মাস ঘোষণা

বাংলাদেশ মহিলা পরিষদ নভেম্বরকে নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ মাস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মহিলা পরিষদ বলছে, সম্প্রতি নারী ও শিশু নির্যাতন ব্যাপক হারে বেড়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ চলতি বছর থেকে নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে জনমত গঠন ও সংস্কৃতি গড়ে তোলার জন্য নভেম্বরকে নির্যাতন প্রতিরোধের মাস হিসেবে পালন করবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের জ্যেষ্ঠ আইনজীবী দীপ্তি রানী সিকদার। তাতে বলা হয়, ‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধের দুর্গ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাসটি জুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচির মাধ্যমে নারী ও কন্যাশিশুর মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী ও কন্যাশিশু নির্যাতনবিরোধী সংস্কৃতি গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানানো হবে। এ ছাড়া ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হবে।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতনের মাত্রা যে ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে তা দেখে মনে হয় সমাজ বিবেকহীন, সমাজ পাশবিক বৈকল্যের দিকে এগোচ্ছে। গত তিন দশকে নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধের লক্ষ্যে অনেক আইন হয়েছে। কিন্তু আইনের শাসন ও বিবেক জাগ্রত না হওয়ার কারণে দেশে সহিংসতার মাত্রা ও রূপ ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যতম সহসভাপতি নাহার আহমদ, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ এবং সীমা মোসলেম, সহসাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।