নভেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম
‘অন্য রকম এক দক্ষিণ এশিয়া গড়া সম্ভব’—এই স্লোগান নিয়ে আগামী ১৮ থেকে ২২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম (এসএএসএফ)। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় এই সমাবেশে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।আরেফিন সিদ্দিক বলেন, ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামের ধারাবাহিকতায় প্রথমবারের মতো দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম অনুষ্ঠিত হবে। দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দক্ষিণ এশিয়া গড়ে তোলা এবং সমতা, স্বাধীনতা ও ন্যায্যতার ভিত্তিতে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করাই এই ফোরামের লক্ষ্য।উপাচার্য বলেন, অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজস্ব, আন্তদেশীয় ও আঞ্চলিক বিষয় আলোচনায় স্থান পাবে। জনগণের বিশেষ করে নারী, আদিবাসী ও সব রকম সংখ্যালঘু এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক বিষয় এ ফোরামে আলোচনা করা হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ফোরামের উদ্বোধন হবে ১৮ নভেম্বর। ১৯ থেকে ২১ নভেম্বর দেড় শতাধিক সেমিনার, কর্মশালা সিম্পোজিয়াম ও সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ছাড়া যুব ফোরাম, মিডিয়া ফোরাম, চিত্রকলা ও স্থিরচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ২২ নভেম্বর ফোরাম শেষ হবে।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশিদ-ই মাহবুব, নিজেরা করির নির্বাহী পরিচালক খুশী কবীর, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের সাধারণ পরিষদের সমন্বয়কারী মুহম্মদ হিলালউদ্দিন, অক্সফামের জিয়াউল হক।