নভেরা আহমেদের ভাস্কর্য জাদুঘরে হস্তান্তর
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সদর দপ্তরে থাকা বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের পথিকৃৎ নভেরা আহমেদের সৃষ্টি একটি ভাস্কর্য বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত হলো। গতকাল দুপুরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিল্পী নভেরা আহমেদের ভাস্কর্যটি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আধুনিক ভাস্কর্যশিল্পের পথিকৃৎ নভেরা আহমেদের ভাস্কর্যটি শিল্পচর্চা ও গবেষণার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী জানান, জাতীয় জাদুঘর দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মূল্যবান নিদর্শন সংগ্রহ করে থাকে। বাংলাদেশ জাতীয় জাদুঘর ইতিমধ্যে সংগ্রহ প্রচেষ্টার অংশ হিসেবে ৪০টি শিল্পকর্ম সংগ্রহ করেছে। বিজ্ঞপ্তি।