নরওয়ে যাচ্ছেন ৩ বাংলাদেশি তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রতিনিধি হয়ে নরওয়ের রাজধানী অসলোতে তরুণদের বিশ্ব সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তিন তরুণ। গ্রামীণফোনের মালিকানা প্রতিষ্ঠান টেলিনরের আয়োজনে ‘টেলিনর ইয়ুথ ফোরামে’ বাংলাদেশ থেকে অংশ নেবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর আবরেশমি হক ও সাবাব রহমান।
ঢাকার সোনারগাঁও হোটেলে গতকাল শনিবার এক অনুষ্ঠানে বিজয়ী তিন তরুণের নাম ঘোষণা করা হয়। গ্রামীণফোনের সিইও রাজীব শেঠী বিজয়ীদের নাম ঘোষণা করেন। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত মেরেটে লুনডেমো। বিজয়ী তিনজন এ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি অসলোতে এ বছরের নোবেল শান্তি পুরস্কারে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে এ আয়োজন করে টেলিনর। বাংলাদেশসহ বিশ্বের যে ১৩টি দেশে টেলিনরের ব্যবসা আছে, সেসব দেশ থেকে তিনজন করে প্রতিযোগী অসলোতে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। বাংলাদেশের তিনজন নির্বাচিত করতে ১০ বিশ্ববিদ্যালয় থেকে ৩০০টি আবেদন জমা পড়ে। সেখান থেকে সাতজনকে নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগীরা গতকাল সাতটি পরিকল্পনা উপস্থাপন করেন। নরওয়ে যাওয়ার সুযোগ না পেলেও আইবিএর শিক্ষার্থী সায়েম ফারুকের ধারণা বাস্তবায়নের ঘোষণা দেন গ্রামীণফোন সিইও রাজীব শেঠী। তাঁকে গ্রামীণফোনে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়।