নরম মাটির ওপর তৈরি বাড়িতে ভূমিকম্পের ঝুঁকি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরম মাটির ওপর তৈরি বাড়িঘরে ভূমিকম্পের ঝুঁকি বেশি। অথচ মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) এলাকায় জলাভূমি ভরাট করে বাড়িঘর তৈরি হচ্ছে। এসব এলাকা ভরাট বন্ধ করা এবং বাড়িঘর তৈরির পরিমাণ কমিয়ে আনা জরুরি।গতকাল শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিজ্ঞান সংস্কৃতি পরিষদ আয়োজিত অধ্যাপক জহুরুল হক স্মারক বত্তৃদ্ধতায় ‘বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞেরা এ কথা বলেন।সেমিনারে মূল প্রবন্ধে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, দেশে ভূমিকম্পপ্রবণ অঞ্চল পাঁচটি। এর মধ্যে হালুয়াঘাট, কিশোরগঞ্জ হয়ে সিলেট এবং চট্টগ্রাম সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ঢাকা দ্বিতীয় পর্যায়ে থাকলেও নরম মাটির ওপর বাড়িঘর তৈরি বেড়ে যাওয়ায় বড় ভূমিকম্পে বহু মানুষ মারা যাওয়ার আশঙ্কা আছে; পাশাপাশি সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি হবে। সম্প্রতি এক জরিপের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ৩০০ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদের ক্ষতি হবে। নরম মাটিতে নির্মাণ হওয়ার কারণে ১৯৯৯ সালে মহেশখালীতে মাত্র ৫ দশমিক ৩ মাত্রার এবং ২০০৩ সালে রাঙামাটিতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়।সেমিনারে জানানো হয়, বুয়েটের উদ্যোগে রাজধানীর ১৫০টি ভবনে জরিপ চালিয়ে দেখা গেছে, ৬০ শতাংশ ভবন যথাযথ নকশা মেনে তৈরি হয়নি।অনুষ্ঠানের সভাপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, কিছু আবাসন প্রতিষ্ঠান (ডেভেলপার) স্থানীয় খননযন্ত্র দিয়ে জলাধার বা নরম মাটি দিয়ে জলাভূমি ভরাট করছে। সদ্য ভরাট করা জমি তারা বিক্রি করছে। সেই জমিতে বাড়ি তৈরি করার কারণে ঝুঁকির মাত্রা কয়েক গুণ বেড়ে যাচ্ছে।জামিলুর রেজা চৌধুরী আরও বলেন, কিছু আবাসন প্রতিষ্ঠান ড্যাপের গেজেট প্রকাশের পর অসুখী হয়েছে। তারা এর বাস্তবায়ন চায় না। গেজেট প্রকাশের পরপরই কয়েকজন মন্ত্রীকে নিয়ে একটি কমিটি করা হয়। গত দেড় বছরে ওই কমিটি মাত্র একটি বৈঠক করেছে।সভাপতি বলেন, অন্তত ৯০ শতাংশ মালিক প্রকৌশলীর সাহায্য ছাড়া বাড়ি নির্মাণ করান। নিচতলায় ভিম বাদ দিয়ে শুধু কলাম দিয়ে ভবন নির্মাণের প্রবণতা বাড়ছে। এতে ঝুঁকি বেশি। ভূমিকম্পের ঝুঁকি কমাতে হলে লম্বালম্বি ও আড়াআড়িভাবে ভবনে ঘন ঘন রড দিতে হবে। প্রতিতলায় ভিম থাকা জরুরি। তিনি বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে হলে জাতীয় বিল্ডিং কোড মানতে হবে। তৈরি হওয়া লাখ লাখ ভবন এখনো ভূমিকম্প প্রতিরোধক করার উপায় আছে। পুরোনো হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় ঝুঁকিপূর্ণ। এ দুটি ভবনকে ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা হয়েছে বলে তিনি জানান।সেমিনারে বলা হয়, অধ্যাপক জহুরুল হক বাংলাদেশে প্রথম একাত্তরের ডায়েরি লিখেছিলেন। স্বাধীনতা, একুশে, বাংলা একাডেমী পদকসহ বরেণ্য এ মানুষটি অনেক পুরস্কার পেলেও তাঁকে জাতীয় অধ্যাপকের মর্যাদা দেওয়া হয়নি। তিনি বিজ্ঞান সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ছিলেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বিজ্ঞান সংস্কৃতি পরিষদের যুগ্ম সম্পাদক সৈয়দ জিয়াউল হক বক্তব্য দেন।