নরসুন্দরের শূন্যতা

>করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবার জীবনের বাস্তবতা। আমরা এখানে শুনছি পাঠকের দৈনন্দিন অভিজ্ঞতার কথা। তাঁরা লিখছেন পরিবারের আনন্দ-বেদনাভরা গল্প। শোনাচ্ছেন এ সময়ের কোনো মানবিক সাফল্যের কাহিনি। প্রথম আলো মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছে পাঠকের গল্প। দেশ বা প্রবাস থেকে আপনিও লিখুন আপনার অভিজ্ঞতার কথা। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
ক্যালেন্ডারের পাতায় শতাব্দীর পতন হয়েছে। বদলেছে জীবনযাত্রার ধারা। একবিংশ শতাব্দীতে এসে আমাদের রূপচর্চার দায়িত্ব পরম মমতায় আগলে রাখছেন নরসুন্দররা।
স্বভাবতই, মানুষ সুন্দরের পূজারি। আবহমান কাল ধরে রূপচর্চায় মানুষ ব্যবহার করেছে এসেছে আয়ুর্বেদিক ও ভেষজ ওষুধ। বিজ্ঞানের আধুনিক ছোঁয়া লাগার আগে ঘরোয়া টোটকায় শিল্পের পর্যায়ে পৌঁছেছিল রূপচর্চা। মিসরের রানি ক্লিওপেট্রাকে এই খাতের প্রবাদপ্রতিম বললে অত্যুক্তি হবে না। শত শত দাসী আর বিশেষজ্ঞদের এক বিশাল বহর ছিল রানির খেদমতে। যার রূপ, লাবণ্যে পাগল ছিলেন সম্রাট সিজার থেকে শুরু করে মার্ক আন্তনি পর্যন্ত। দুনিয়া ছিল তাঁর হাতের মুঠোয়।
ইতিহাসবেত্তারা বলেন, ক্লিওপেট্রা ছিলেন সর্বশ্রেষ্ঠ মোহিনী, মায়াবিনী। আবার কেউ বলেন তাঁর ছিল রূপ আর ব্যক্তিত্বের অপূর্ব মেলবন্ধন। এই কালজয়ী রূপসী নারীর রূপচর্চার উপায়গুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে।
১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে রাজা ষোড়শ লুইকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে সূচিত হয় রাজতন্ত্রের পতনের ধারা। যার ধারাবাহিকতায় ব্রিটিশ শাসনামল থেকে বেরিয়ে আমরা আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক।
কাজেই, পট পরিবর্তিত হয়েছে রূপচর্চার। সংযোজন-বিয়োজনে বর্তমানে নরসুন্দররা সুন্দর প্রতিচ্ছবির প্রতিভূ। তাঁদের হস্তযুগলের সুনিপুণ দক্ষতায় আমাদের রূপচর্চায় নতুন পালক যুক্ত হয়েছে। ক্ষুর, কাঁচি ও চিরুনি নিয়ে অনায়াসেই ঝাঁকড়া মাথাকে শৈল্পিক কারুকার্যে রূপান্তরে সিদ্ধহস্ত তাঁরা। রোনালদো, নেইমার, বাল্লেতেল্লি, পিকে, বেনজামাদাদের আদলে হেয়ার কাটিং দিয়ে দেন পলকেই।
কিন্তু চলমান কোভিড-১৯–এর প্রাদুর্ভাবে বন্ধ রয়েছে সেলুনগুলো। এতে রীতিমতো বিপাকে পড়েছেন সব শ্রেণি–পেশার মানুষ। কারও মুখভর্তি দাড়ি, গোঁফে লুকিয়েছে ঠোঁট। কারও আবার কানের লতি পেরিয়ে ঘাড় ছুঁয়েছে কুন্তল। এসব দেখে মানসপটে উঁকি দিচ্ছে আদিম কালের চিত্র। প্রাগৈতিহাসিক যুগের আদি মানবের জীবাশ্ম মনে হচ্ছিল চারপাশের মানুষগুলোকে।
কেউ আবার আরও এককাঠি সরেস। রীতিমতো মাথা ন্যাড়া করার প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে দেশে। আবালবৃদ্ধবনিতার সক্রিয় অংশগ্রহণ ঘি ঢেলেছে দেশব্যাপী মাথা ন্যাড়া করার মহোৎসবে। অতি উৎসাহী একদল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ টাকলু পরিষদ (বাটাপ) নামে গ্রুপও খুলেছে। চলমান সাধারণ ছুটিকে মোক্ষম সুযোগ ধরে নিয়ে দলে দলে বাটাপে যোগ দিচ্ছেন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‘টাক মাথা চার আনা,
চাবি দিলে ঘোরে না।
আহা টাকের কী অবস্থা!!
আলু বেগুন সস্তা।’
এসব মানসিক পীড়াদায়ক রম্যরস শুনতে হচ্ছে না বলে গৃহবন্দী থাকার লাভ সুদে-আসলে উঠিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে নারাজ কেউই।
তবে এসব ছাপিয়ে দেখার বিষয় হচ্ছে নরসুন্দরের অপরিহার্যতা। সুস্থ ধরণির জন্য সব শ্রেণি–পেশার মানুষের সক্রিয় উপস্থিতি একান্ত আবশ্যক। কোনো পেশাই খাটো নয় বরং একটি অপরটির পরিপূরক। পুরো বিষয়টিকে বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলের সঙ্গে তুলনা করা যেতে পারে। খাদ্যশৃঙ্খলে একটি প্রাণীর অনুপস্থিতি যেমন পুরো খাদ্যশৃঙ্খলকে হুমকির মুখে ফেলে দেয়, অনুরূপভাবে স্বাভাবিক জীবনযাত্রায় একটি শ্রেণি–পেশার মানুষের শূন্যতা জনজীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। যার সর্বোত্তম উদাহরণ হতে পারে হালের নরসুন্দরের অনুপস্থিতি।
করোনাভাইরাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিদ্যমান সমাজ কাঠামোর দুর্বলতা, অসংগতিগুলো। চলমান শ্রেণিবৈষম্যের ধারাকে যত দিন না ভাঙতে পারছি, তত দিন আমাদের মুক্তির পথ রুদ্ধ। শিক্ষাজীবনের প্রাথমিক কিংবা মাধ্যমিক স্তরে শুধু শ্রমের মর্যাদা রচনা তোতাপাখির মতো মুখস্থ করেই কাটিয়ে দিয়েছি। এর মাহাত্ম্য, তাৎপর্য উপলব্ধি করে ব্যক্তিজীবনে এর প্রয়োগ নিশ্চিত করার এটিই উপযুক্ত সময়।
*লেখক: শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ [email protected]