
গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের (মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার) নিচের রাস্তায় মেরামতকাজের অংশ হিসেবে নর্দমার (ড্রেনেজ লাইন) গর্ত খোঁড়া হচ্ছে। গর্তের মাটি তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার কথা থাকলেও রাখা হচ্ছে রাস্তার ওপর এলোমেলোভাবে। ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে।
গতকাল সোমবার দুপুরে উড়ালসড়কের নিচে হোটেল সুপারস্টার থেকে পূর্ব দিকে বেস্ট বাই শপিং সেন্টারসহ ফোল্ডার স্ট্রিট এলাকায় এ দুরবস্থা দেখা গেছে।
এলাকায় গিয়ে দেখা যায়, ফোল্ডার স্ট্রিট এলাকায় বেস্ট বাইয়ের পাশে চণ্ডীচরণ বোস স্ট্রিটে যাওয়ার মুখটি একেবারে সংকুচিত হয়ে গেছে। এটা নর্দমা লাইনের গর্ত খোঁড়ার কারণে যতটা হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে এবড়োখেবড়োভাবে ইট, পিচ আর মাটি ফেলে রাখার কারণে। সালাহউদ্দিন মার্কেটের দিক থেকে ভাঙা রাস্তায় দুলতে দুলতে যানবাহন আসছে, চণ্ডীচরণ বোস স্ট্রিটের দিক থেকে আসছে রিকশা-অটোরিকশা। বিপরীত দিক অর্থাৎ শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয়ের দিক থেকে আসছে বিভিন্ন যানবাহন। এর মধ্যেই চলতে হচ্ছে পথচারীদেরও। যানবাহন, পথচারী সবাইকে থেমে পড়তে হচ্ছে বেস্ট বাইয়ের কাছে। ভাঙা রাস্তায় উল্টে যাচ্ছে রিকশা, অটোরিকশা। হোঁচট খাচ্ছে পথচারী। চারদিকে উড়ছে ধুলাবালি।
ওয়্যার স্ট্রিটের দিকে আল নাসির মসজিদের কাছে স্তূপাকার মাটি। প্রধান সড়কের পাশের দোকানপাটে ঢোকার উপায় নেই। একজন দোকানি মো. হারুন অভিযোগ করেন, চার দিন ফেলে রাখার পর রোববার রাতে কিছু মাটি সরানো হয়েছে। কিন্তু আজ (সোমবার) আবার জড়ো হয়েছে নতুন মাটি।
চারপাশের বাসিন্দাদের ক্ষোভের শেষ নেই এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ নিয়ে। লারমিনি স্ট্রিটের বাসিন্দা আবদুর রশিদ বলেন, উড়ালসড়ক নির্মাণের সময় বছরের পর বছর ভোগান্তিতে ছিলেন তাঁরা। চালু হওয়ার পর নিচের রাস্তার দুরবস্থা আরও বেড়ে যায়। বর্ষার মধ্যে কাদা আর শুকনা মৌসুমে ধুলার রাজত্ব। তার ওপর ওই পথ ধরে চলতে গেলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দীর্ঘ সময় পর যদিও রাস্তা মেরামতের প্রক্রিয়া শুরু হয়েছে, তার সঙ্গে বেড়েছে এই দুর্গতি।
উড়ালসড়কের নিচে জয়কালী মন্দির রোড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রাস্তা-ফুটপাত ও নর্দমা মেরামত করার কথা ছিল গত বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই। কিন্তু তা হয়নি। বর্তমানে দুটি প্যাকেজে ২৩ কোটি টাকায় কাজটি করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
জানতে চাইলে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন প্রথম আলোকে বলেন, খোঁড়া গর্তের মাটি তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া আছে। মানা হচ্ছে না কেন, সে বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। নির্মাণস্থলে কর্মরত শ্রমিকেরা বলেন, খোঁড়া গর্তের মাটিগুলো রাখার কোনো জায়গা তাঁদের দেখিয়ে দেওয়া হয়নি।
ডিএসসিসির প্রকৌশল বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, জয়কালী মন্দির রোডের হোটেল সুপারস্টার থেকে দয়াগঞ্জ পর্যন্ত ড্রেনেজ লাইনের গর্ত হবে। ব্যবস্থাপনা যথাযথ না রাখা হলে দুর্ভোগ আরও বাড়বে।