নর্দমার ময়লা পানিতে সয়লাব জেনেভা ক্যাম্পের অলিগলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ময়লা পানিতে সয়লাব হয়ে গেছে। তীব্র দুর্গন্ধযুক্ত এই ময়লা পানি মাড়িয়ে বাসিন্দাদের চলাচল করতে হয়।জেনেভা ক্যাম্পের বাসিন্দারা অভিযোগ করেছে, পয়োনিষ্কাশন লাইনের প্রবাহ দীর্ঘদিন বন্ধ থাকায় প্রায়ই ময়লা পানি উপচে বাড়িঘরে ঢুকে সয়লাব হয়ে যায়। একটু বৃষ্টি হলেই তাদের ভোগান্তির সীমা থাকে না। তারা জানায়, এই ক্যাম্পে আটকে পড়া প্রায় ২৮ হাজার পাকিস্তানি বসবাস করে। পয়োনিষ্কাশনসহ তারা নানা সমস্যায় জর্জরিত।জানা যায়, গত শুক্রবার বাদ জুমা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যান। তিনি পয়োনিষ্কাশন সমস্যা সমাধানের জন্য সোমবারের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। গতকাল শনিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ক্যাম্পের বিভিন্ন স্থানে ময়লা পানি জমে আছে। লোকজন এর মধ্যেই চলাচল করছে।ক্যাম্পের বাসিন্দা মো. সাঈদ জানান, ‘পয়োনিষ্কাশন নালার প্রবাহ বন্ধ হওয়ায় প্রায় প্রতিদিন ময়লা পানি উপচে জেনেভা ক্যাম্পের অলিগলি সয়লাব হয়ে যায়। একপর্যায়ে এই দুর্গন্ধযুক্ত পানি ঘরে ঢুকে পড়ে।’ তিনি জানান, গত শুক্রবার হঠাৎ একটু বৃষ্টি হওয়ায় তা পয়োনালার ময়লা পানির সঙ্গে যুক্ত হয়ে ঘরে ঢুকে হাঁটুপানি জমে যায়। তিনি জানান, গত শুক্রবার বিকেলে পাকিস্তান থেকে বেড়াতে আসা তাঁর বোনকে কাঠ বিছিয়ে ঘরে নিতে হয়েছে। ক্ষুব্ধ ব্যবসায়ী শাকিল আহমেদ জানান, প্রতি শুক্রবার জেনেভা ক্যাম্পের বাসিন্দারের ঘরে পয়োনালার উপচে পড়া ময়লা পানি ঢুকে পড়ে। ওই দিন ক্যাম্পে অনেক গরু জবাই হয়। গরুর বর্জ্য সরাতে প্রচুর পানি দেওয়া হয়, কিন্তু বর্জ্য নিষ্কাশন না হয়ে এবং পয়োনিষ্কাশন নালার পানি এর সঙ্গে যুক্ত হয়ে ঘরে ঢুকে পড়ে। জেনেভা ক্যাম্পের নন-লোকাল রিলিফ কমিটির (এলআরসি) চেয়ারম্যান গোলাম জিলানী বাসিন্দাদের কোনো সমস্যার সমাধান করেন না। তিনি এখানে থাকেনও না। তিনি প্রত্যেক বাসিন্দার কাছ থেকে ২০ টাকা করে চাঁদা নেন পয়োনালা পরিষ্কার করানোর জন্য। সে জন্য পাঁচজন পরিচ্ছন্নতাকর্মীও নিয়োগ দিয়েছেন। কিন্তু তাঁরা পয়োনালা পরিষ্কার করেন না। এ ছাড়া তিনি জেনেভা ক্যাম্পের পাশে গড়ে ওঠা বিপণিবিতানে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বিদ্যুতের ভোল্টেজ কম থাকে। এতে পাখা চলে না।আরেক বাসিন্দা ইব্রাহিম জানান, ওয়াসার পানিতে ময়লা আসে। এ পানি পান করে তাঁর ডায়রিয়া হয়েছিল। তিনি আইসিডিডিআরবিতে (আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ) চিকিৎসা নিয়েছেন। তিনি দাবি করেন, তাঁর মতো জেনেভা ক্যাম্পের অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।ক্যাম্পের বাসিন্দাদের অভিযোগ, এলআরসির চেয়ারম্যানের বিরুদ্ধে ঢাকার জেলা প্রশাসকের কাছে একাধিক লিখিত অভিযোগ দিলেও তাঁরা প্রতিকার পাননি।জানতে চাওয়া হলে এলআরসির চেয়ারম্যান গোলাম জিলানি জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের দুর্ভোগের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, পয়োনালার প্রবাহ স্বাভাবিক ও গরু জবাই নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চান। এ সময় মন্ত্রী সিটি করপোরেশনের কর্মীদের আগামী তিন দিনের মধ্যে পয়োনিষ্কাশন সমস্যার সমাধানের নির্দেশ দেন। একই সঙ্গে মন্ত্রী মোহাম্মদপুর থানার ওসি গরু জবাই নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন।এলআরসির চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, পয়োনিষ্কাশন নালা পরিষ্কার করতে তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ক্লিনার নিয়োগ দিয়েছেন। তাঁরা পয়োনিষ্কাশন নালা পরিষ্কার করার পর তা আবার বন্ধ হয়ে যায়। জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসা বন্ধ করায় এর সঙ্গে জড়িত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একই কারণে তাঁরা ঢাকার জেলা প্রশাসকের কাছেও অভিযোগ করেছেন।