নষ্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের অমূল্য পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের ভেতরে গেলেই এখন নাকে ঝাপটা দেয় তীব্র দুর্গন্ধ। দুর্গন্ধের উৎস ক্ষতিগ্রস্ত পয়োনিষ্কাশন লাইন। ময়লা দুর্গন্ধযুক্ত পানি আর সংস্কারকাজের রাবিশের পাশে পড়ে রয়েছে বিভিন্ন পুরোনো সংবাদপত্র, যা কিনা সাম্প্রতিক ইতিহাসের অমূল্য আকর।গ্রন্থাগার কর্তৃপক্ষ বলছে, ঠিকাদার কাজ বন্ধ রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কাজ বন্ধ থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদার পক্ষ পরস্পরকে দায়ী করেছে। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভাঙা পয়োনিষ্কাশন লাইন থেকে ময়লা পানি চুইয়ে পড়ছে। মেঝেতে জমে থাকছে সেই পানি। অপসারণের জন্য দুটো পাইপ বসানো হলেও সেখান দিয়ে পানি সরছে না।সংবাদপত্র সেকশনের সম্প্রসারণের জন্য কয়েক মাস আগে দেয়াল ভেঙে পাশের একটি কক্ষ এর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এর জন্য মাঝের দেয়ালের একটি অংশ ভাঙা হয়েছে। চুইয়ে পড়া পানি বেরিয়ে যাওয়ার জন্য কক্ষের মধ্য দিয়ে গর্ত খুঁড়ে পাইপও বসানো হয়েছে। আলমারি ঘেঁষে পড়ে আছে গর্ত খোঁড়ার মাটি, ভাঙা ইট ও টাইলসের টুকরা। চুইয়ে পড়া নোংরা পানিতে পরিবেশ হয়ে উঠেছে স্যাঁতসেঁতে আর দুর্গন্ধময়। পানি শোষণ করে এ অংশে রাখা পুরোনো পত্রিকার পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে রয়েছে ইত্তেফাক, দৈনিক আজাদ, দ্য পিপল, গণকণ্ঠ, ডেইলি নিউজ, বাংলার বাণীর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ডন, দ্য স্টেটসম্যান ও অমৃতবাজার পত্রিকার পুরোনো সংখ্যা। এর মধ্যে রয়েছে গত শতকের পঞ্চাশ দশক থেকে শুরু করে নব্বই দশক পর্যন্ত পত্রিকা। সংবাদপত্র সেকশনের দায়িত্বে থাকা ডেপুটি লাইব্রেরিয়ান শামীম আরা প্রথম আলোকে বলেন, দুর্গন্ধের কারণে তিনি নিজেই বসতে পারেন না।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, গ্রন্থাগারের সংস্কারকাজ করার দায়িত্ব পায় মমিনুল অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গ্রন্থাগার ভবন রং করা, টয়লেট মেরামত ও টাইলস লাগানোসহ ২৭ লাখ ৬৪ হাজার ৫৬ টাকার বিভিন্ন কাজ দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে।গ্রন্থাগারের কর্মকর্তারা জানান, সম্প্রসারণের জন্য দুই কক্ষের মধ্যকার দেয়াল ভাঙার সময় বর্ধিত অংশের ওপর দিয়ে যাওয়া পয়োনিষ্কাশন লাইন ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে তৈরির জন্য নির্মাণশ্রমিকেরা পয়োনিষ্কাশন লাইনটির জোড়ার অংশটি ভেঙে ফেলে। ডেপুটি লাইব্রেরিয়ান শামীম আরা বলেন, ‘চার মাস ধরে এই অবস্থা চলছে।’ গ্রন্থাগারিক মো. নাসিরউদ্দিন মুন্সী প্রথম আলোকে বলেন, ‘বিল পাচ্ছে না—এই অজুহাতে ঠিকাদার দীর্ঘদিন ধরে কাজ করছে না। কী করব বুঝতে পারছি না।’ এর সঙ্গে প্রকৌশলীর দপ্তরের লোকজনও জড়িত আছে বলে অভিযোগ করেন গ্রন্থাগারিক। এ বিষয়ে ঠিকাদার নজরুল ইসলাম বলেন, ‘চুক্তির বাইরে গিয়ে কাজ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাকা দিতে চায় না। তাই কাজ থেমে আছে।’ অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ বলেন, ঠিকাদারকে বারবার বলা হয়েছে যে টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু তার পরও তারা কাজ করেনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম বলেন, তাঁর কাছে কাজের অগ্রগতির যে প্রতিবেদন পাঠানো হয়েছে সেখানে কাজ থেমে থাকার বিষয়টি উল্লেখ করা হয়নি।ইতিহাস বিভাগের শিক্ষার্থী অর্ণব সান্যাল পত্রিকা সেকশনে কাজ করছিলেন নাকে রুমাল গুঁজে। জানালেন, এর আগে আরও কয়েকবার এসে দুর্গন্ধের কারণে ফিরে গেছেন। কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। তাই দুর্গন্ধ সহ্য করেই কাজ করতে হচ্ছে।