নাইজেরীয় যুবকের পকেটে খেলোয়াড়ের পরিচয়পত্র
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত শুক্রবার রাতে হেরোইনসহ ধরা পড়া নাইজেরীয় যুবক নিজেকে ফুটবল খেলোয়াড় বলে দাবি করেছেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাংলাদেশে তিনি ফুটবল খেলতে এসেছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁর কাছ থেকে রহমতগঞ্জ ক্লাবের একটি ‘খেলোয়াড় পরিচয়পত্র’ উদ্ধার করেছেন। গত শুক্রবার পাঁচ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ ওলাদিপিউপো জেকহিয়াস (৩৬) নামে এক নাইজেরীয় নাগরিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। এ সময় তাঁর সঙ্গী রাতমি আজেজ (৩৫) নামে অপর নাইজেরিয়ান পালিয়ে যান।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা মান্নাফ কবীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা সুবোধ কুমার বিশ্বাস বলেন, তাঁর কাছ থেকে রহমতগঞ্জ ক্লাবের একটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। সেখানে তাঁর পদবি উল্লেখ করা হয়েছে খেলোয়াড়।রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান জানান, ওলাদিপিউপো নামে কোনো খেলোয়াড় তাদের দলে কখনো ছিলেন না।