অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ২৭ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ মঙ্গলবার শেষ হয়েছে। এ বিষয়ে ২৭ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ দুই পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। তার আগে প্রথম আলো, কিশোর আলোর সম্পাদকসহ আটজনের অব্যাহতি চেয়ে আবেদন করা হয়।

শুনানিতে প্রথম আলো সম্পাদকের আইনজীবী এহসানুল হক সমাজী আদালতকে বলেন, নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথমে মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। ওই মামলা থাকা অবস্থায় ঘটনার পাঁচ দিন পর আদালতে আরেকটি নালিশি মামলা করা হয়। আদেশে দেখা যায়, থানায় করা মামলার তদন্ত প্রতিবেদন না নিয়ে নালিশি মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত, যা ফৌজদারি কার্যবিধি ২০৫–এর (ডি) ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, নিম্ন আদালতের উচিত ছিল, অপমৃত্যুর মামলার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নালিশি মামলাটি আমলে নেওয়ার। এ ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটিয়ে নালিশি মামলা তদন্তের আদেশ দেওয়া হয়। আইনের দৃষ্টিতে এ মামলাটি অচল। ফৌজদারি কার্যবিধির ৪৩৫ ধারা অনুযায়ী নিম্ন আদালতের যেকোনো ধরনের অসংগতি সংশোধন করার ক্ষমতা উচ্চ আদালতের রয়েছে। এ–সংক্রান্ত উচ্চ আদালতের নজির রয়েছে। এ–সংক্রান্ত কোনো বিষয় নজরে এলে স্বপ্রণোদিত হয়ে আদালত আদেশ দেওয়ার ক্ষমতা রাখেন।
শুনানিতে এহসানুল হক সমাজী বলেন, নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় যে অভিযোগ আনা হয়েছে সেটি টর্ট আইনে বিচারযোগ্য। কোনোভাবেই ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না। তিনি বলেন, নালিশি মামলার ক্ষেত্রে সাক্ষীর তালিকা একান্ত প্রয়োজন। অথচ এ মামলার আরজিতে কোনো সাক্ষীর তালিকা নেই। নালিশি মামলায় শুধু প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে আসামি করা হয়। অথচ সেদিন তিনি ঘটনাস্থলে ছিলেন না।

শুনানিতে কিশোর আলোর সম্পাদক আনিসুল হকের আইনজীবী আমিনুল গনী টিটো বলেন, নাইমুল আবরারের মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। কিশোর আলোর পক্ষ থেকে সেদিন ঘটনাস্থলে মেডিকেল টিম রাখা ছিল। দুজন এফসিপিএস চিকিৎসক ছিলেন। আধুনিক অ্যাম্বুলেন্স ছিল ও স্বেচ্ছাসেবীরা ছিলেন। সেখানে পুলিশ ও র‍্যাব ছিল। নিরাপত্তাজনিত কোনো ত্রুটি ছিল না। মামলার ৩২ জন সাক্ষীর কেউ বলেননি, আনিসুল হকের কোনো ধরনের অবহেলা ছিল। মামলাটি একটি দুরভিসন্ধিমূলক মামলা। নাইমুর আবরারের মৃত্যুর জন্য আনিসুল হকসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ নেই।
কিশোর আলোর ওই অনুষ্ঠানের বৈদ্যুতিক ব্যবস্থাপনা দেখার দায়িত্বে কে ছিল, এ বিষয়ে আদালত জানতে চাইলে প্রথম আলো সম্পাদকের আইনজীবী প্রশান্ত কর্মকার বলেন, কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে এসব কাজের জন্য কয়েকটি থার্ড পার্টিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারাই মূলত কাজগুলো করেছিল। বিদ্যুতের জন্য নিউ গ্রীন ডেকোরেটর দায়িত্বপ্রাপ্ত ছিল। জেনারেটরের দায়িত্বে ছিল ইলেকট্রো ম্যাক। এসব প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে বৈদ্যুতিক সরঞ্জামসহ অন্যান্য দায়িত্ব পালন করে আসছে। এসব প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে করা অনুষ্ঠানগুলোর অন্যতম হলো ঢাকা লিট ফেস্ট ও মুজিব শতবর্ষ ঘিরে আলোকসজ্জার কাজ।

নাইমুল আবরারের বাবার পক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ শুনানিতে বলেন, এই মামলার আসামির সংখ্যা ১০ জন। প্রথম আলোর সম্পাদক, কিশোর আলোর সম্পাদকসহ অন্যদের অবহেলার কারণে নাইমুল আবরারের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তে উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক।
উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ২৭ অক্টোবর অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করেন। শুনানির সময় প্রথম আলোর সম্পাদক, কিশোর আলোর সম্পাদকসহ বিবাদীপক্ষের ১০ জন আদালতে উপস্থিত ছিলেন।

গত বছরের ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল। সেদিন মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নাইমুল আবরার। এ ঘটনায় নাইমুলের বাবা মজিবুর রহমান গত বছরের ৬ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে নালিশি মামলা করেন। এরপর চলতি বছরের ১৬ জানুয়ারি প্রথম আলো, কিশোর আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।