নাক কান গলা বিশেষজ্ঞদের সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রত্যয় নিয়ে নাক, কান ও গলার বিশেষজ্ঞ চিকিৎসকদের জাতীয় সংগঠন ‘সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জন্স অব বাংলাদেশ’র পঞ্চদশ জাতীয় সম্মেলন গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। তেজগাঁও শিল্প এলাকায় সদ্য প্রতিষ্ঠিত জাতীয় ইএনটি ইনস্টিটিউটে শুরু হওয়া তিন দিনের এই সম্মেলনে চার শতাধিক চিকিৎসক অংশ নিচ্ছেন। দেশের অভিজ্ঞ শল্যচিকিৎসকদের পাশাপাশি ভারত ও নেপাল থেকে আসা ছয়জন বিশেষজ্ঞ এ দেশের নবীন চিকিৎসকদের হাতেকলমে নাক, কান, গলা ও ঘাড়ে জটিল অস্ত্রোপচার শেখাবেন। অস্ত্রোপচার কক্ষের বাইরে থেকে টেলিভিশন পর্দায় অস্ত্রোপচারের দৃশ্য দেখা যাবে।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি আবু সফি আহমেদ আমিন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এম ইকবাল আর্সলান।