নাখালপাড়ায় চাপাতির কোপ ও পিটুনিতে আহত ১১
রাজধানীর নাখালপাড়ায় গতকাল দুপুরে সন্ত্রাসীদের চাপাতির কোপ ও পিটুনিতে ব্যবসায়ীসহ অন্তত ১১ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে স্থানীয় একদল সন্ত্রাসী পূর্ব নাখালপাড়া রেললাইন-সংলগ্ন চায়ের দোকানে বসা লোকজনের ওপর চড়াও হয়। তারা স্থানীয় লোকজনকে চাপাতি দিয়ে কোপায় ও বেধড়ক পেটায়। এতে ১১ জন আহত হয়।চাপাতির কোপে আহত পোশাক ব্যবসায়ী মোতালেব হোসেন, আবদুল মতিন ও দোকানি মঙ্গল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিরা দাবি করেন, তাঁরা ব্যবসার পাশাপাশি নাখালপাড়া ৩৭ নম্বর ইউনিটের যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিছুদিন ধরে সন্ত্রাসী বড় লিটন ও শাহ আলমের নেতৃত্বে এলাকায় ছিনতাই হচ্ছে। শুক্রবারও নাখালপাড়ায় ছিনতাই হয়। বিষয়টি তাঁরা তেজগাঁও থানার পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত কমিটিকে জানান। এতে সন্ত্রাসী বড় লিটন ও শাহ আলম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের নেতৃত্বে ৩০-৩৫ জন সন্ত্রাসী লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে তাঁদের আঘাত করে।