নাগরিক অধিকারকর্মী মিজানুরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ডিবি
নাগরিক অধিকারকর্মী মিজানুর রহমানকে তুলে নেওয়ার অভিযোগ ওঠার প্রায় সাড়ে চার ঘণ্টা পর তাঁকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর জুরাইন থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। প্রথমে তাঁকে শ্যামপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে চারটার দিকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।
ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, জুরাইনে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শেষে মিজানুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর কাছে কিছু বিষয়ে জানতে চেয়েছিলেন তাঁরা।
মিজানুর রহমান প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ‘থানায় আমার সঙ্গে খারাপ আচরণ করা হয়। পরে ডিবি কার্যালয়ে এনে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি। আমার কাছে যা জানতে চেয়েছে, আমি যতটুকু জানি তা কর্মকর্তাদের জানিয়েছি।’
মিজানুর রহমান বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় গণমাধ্যমে দেওয়া আমার বক্তব্য উসকানিমূলক বলে মনে করছেন ডিবির কর্মকর্তারা। আমার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমি তাঁদের বলেছি, ঘটনার দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আমি যা জেনেছিলাম, সেটাই বলেছি।’
তবে মিজানুরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়ার অভিযোগ নিয়ে প্রথমে লুকোচুরি করে শ্যামপুর থানা-পুলিশ ও ডিবি। দুপুরে জুরাইন এলাকার একটি মার্কেটের সামনে থেকে মিজানুরকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী। মিজানুরের এক বন্ধুও একই কথা বলেন।
থানায় আমার সঙ্গে খারাপ আচরণ করা হয়। পরে ডিবি কার্যালয়ে এনে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি। আমার কাছে যা জানতে চেয়েছে, আমি যতটুকু জানি তা কর্মকর্তাদের জানিয়েছি।
মিজানুর বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত। গত মঙ্গলবার জুরাইনে ট্রাফিক পুলিশের সার্জেন্টসহ পুলিশের তিন সদস্যের ওপর হামলার ঘটনায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন তিনি। উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী এক দম্পতিকে সিগন্যালে আটকানোর ঘটনাকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে।
মিজানুরের স্ত্রী শামীম হাশেম প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টার দিকে তাঁর স্বামী একটা কাজে বাইরে বের হন। কিছুক্ষণ পর তিনি বাসায় ফোন করে জানান, ইউনিফর্ম পরা পুলিশ তাঁকে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি জুরাইনের বিক্রমপুর প্লাজা মার্কেটের সামনে ছিলেন বলে জানান। তুলে নিয়ে যাওয়ার পর থেকে তিনি আর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
শামীম হাশেমের ভাষ্যমতে, জুরাইনে পুলিশের ওপর জনতার চড়াও হওয়ার ঘটনা নিয়ে মিজানুর সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। তাঁর আশঙ্কা, এ কারণেই হয়তো মিজানুরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। তবে পুলিশের ওপর হামলার সময় মিজানুর ঘটনাস্থলে ছিলেন না।
মিজানুরের বন্ধু মাহাতাব উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ স্থানীয় একটি মার্কেটের সামনে থেকে মিজানুরকে ধরে শ্যামপুর থানায় নিয়ে যায়। আটকের সময় তিনি নিজেই আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন। পরে আমি থানায় ছুটে যাই। তবে পুলিশ মিজানুরের সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি।’
মিজানুরকে নিয়ে যাওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করেন শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম। পরে প্রথম আলোকে বলেন, ‘মামলাটি তদন্ত করছে ডিবি। মিজানুরকে ডিবি আটক করেছে।’
তবে মিজানুরকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার আশরাফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। তবে এই তালিকায় মিজানুর নামের কেউ নেই।’
হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় মোটরসাইকেলের চালক সোহাগ-উল ইসলাম রনি, তাঁর স্ত্রী ইয়াসিন জাহান নিশান ভূঁইয়া, শ্যালক ইয়াসির আরাফাত ভূঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় রনিসহ তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন শ্যামপুর থানার ওসি।
মামলার বিষয়ে গতকাল বুধবার ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছিলেন মিজানুর। একটিতে তিনি লেখেন, দুটি ঘটনা ঘটবে বলা যায়। এক. মামলা–বাণিজ্য। দুই. মামলার ভয় দেখিয়ে ঘুষ–বাণিজ্য। এমন একটি রাষ্ট্রে বাস করছি যেখানে এ ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু তদন্ত চাইব, সে অবস্থাও নেই।