নাগরিক সনদ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, সরকারি সেবার মানোন্নয়নে সেবা প্রদানকারীদের মানসিকতার পরিবর্তন অত্যাবশ্যক। সেই সঙ্গে জনগণের সচেতনতাও অপরিহার্য। এ ক্ষেত্রে নাগরিক সনদ অত্যন্ত একটি কার্যকর হাতিয়ার। গতকাল রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ‘স্থানীয় নাগরিক সনদ’ শীর্ষক এক অভিজ্ঞতা বিনিময় সভায় মেয়র এ কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে এবং ডিরেক্টর গভর্নেন্স ফারজানা নাঈমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব আবু তাজ মো. জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশিদ, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, বিশ্বব্যাংকের এনালিস্ট রেজওয়ানা ফারাহ্ প্রমুখ।সভায় রূপান্তরের পক্ষ থেকে খুলনা সিটি করপোরেশনে নাগরিক সনদ প্রণয়নের অভিজ্ঞতা উপস্থাপন করেন সুতপা বেদজ্ঞ এবং পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে নরসিংদীর একটি পরিবার কল্যাণ কেন্দ্রে নাগরিক সনদ প্রণয়নের অভিজ্ঞতা তুলে ধরেন রতন চৌধুরী। বিজ্ঞপ্তি।