নাগরিকদের সমস্যা নিয়ে মাথা ঘামায় না সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার মানুষ এমনটাই মনে করে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠান সম্পর্কে। তারা মনে করে, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলে না এটি। তারা আরও মনে করে, করপোরেশনের কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুর্নীতি একটা বড় বাধা। তথ্য প্রদানের ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভূমিকার বিষয়ে এক গবেষণার ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনিশিয়েটিভ, বাংলাদেশ (রিব) এটি পরিচালনা করে। গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সম্মেলনে এ ফলাফল প্রকাশ করা হয়। গবেষণায় তথ্য অধিকার আইনসহ স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে সিটি করপোরেশনের যেসব আইন ও বিধি আছে, তা পর্যালোচনা করা হয়।রিবের গবেষক সাইদুর রহমান গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন। করপোরেশনের ওয়েবসাইট, নোটিশ বোর্ড, দেয়াল লিখন, বিলবোর্ডে ব্যবহার করা তথ্য পর্যালোচনা করা হয়েছে। করপোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি দক্ষিণের পাঁচটি জোনের ভেতরে তিনটি জোনের ৫০টি পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে।গবেষণায় দেখা যাচ্ছে, বিধিমালা, প্রবিধিমালা দূরে থাকুক; নিজেদের ওয়েবসাইটে সিটি করপোরেশন আইনটিই নেই। করপোরেশনের কর্মকর্তারা মনে করেন, প্রতিষ্ঠানটির আইন, বিধিমালার ক্ষেত্রে তাঁদের কিছু করার নেই। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয়। আইন অনুসারে সিটি করপোরেশনের প্রাঙ্গণে রাখা নাগরিক সনদটি প্রতিবছর সংশোধন করার কথা থাকলেও এটি করা হয় না। এখন কোন উন্নয়নকাজ চলছে, তারও কোনো উল্লেখ নেই ওয়েবসাইটে। গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত গবেষণাটি পরিচালনা করা হয়। দিনব্যাপী সম্মেলনে সভাপতিত্ব করেন রিবের চেয়ারম্যান শামসুল বারি। প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক। দিনের বিভিন্ন অধিবেশনে আলোচনা করেন রিবের ভাইস চেয়ারপারসন হামিদা হোসেন, তথ্য কমিশনার সাদেকা হালিম, নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা প্রমুখ।