নাগরিক সেবার অভাবে বিপর্যস্ত মুগদাপাড়াবাসীর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিতে ময়লা ও দুর্গন্ধ, গ্যাস সরবরাহ সীমিত, নর্দমা ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভাঙা—নাগরিক জীবনের অপরিহার্য উপাদানগুলোর এই পরিস্থিতিতে দক্ষিণ মুগদাপাড়ার বাসিন্দাদের বিপর্যস্ত অবস্থা। তবে সরকার কিংবা নগর কর্তৃপক্ষ যেন এ ব্যাপারে উদাসীন।পানিতে ময়লা-দুর্গন্ধ: মুগদাপাড়ায় বিশুদ্ধ পানির ভয়াবহ সংকট। স্থানীয় ব্যাংক কলোনির বাসিন্দা ও জামে মসজিদ কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, এই এলাকায় ওয়াসা যে পানি সরবরাহ করে তা খাওয়া যায় না। খাওয়ার জন্য অধিকাংশ এলাকাবাসী পানি কিনে আনেন। আর অন্যান্য ব্যবহারের জন্য ওয়াপদা কলোনি থেকে পানি বয়ে আনেন। কিন্তু রাস্তা ভাঙা থাকায় অধিকাংশ পানি রাস্তায়ই পড়ে যায়। প্রায় পাঁচ বছর ধরে এই অবস্থা। বৃষ্টির সময়ও ওয়াসার সরবরাহ পানির অবস্থা খুব একটা ভালো হয় না। বরং তখন জলাবদ্ধতার কারণে পানি আনা কষ্টকর হয়। ফলে মুগদাপাড়ায় পানির সমস্যা থাকে প্রায় সারা বছর।গ্যাস-সংকট: গত চার বছর ধরে দক্ষিণ মুগদাপাড়ার প্রতিটি বাড়িতে রান্না হয় এক বেলা। পুরো এলাকা খুঁজে এমন একটি বাড়ি পাওয়া যাবে না যেখানে দুপুরে রান্না করে খাওয়া যায়। কারণ প্রতিদিন সকাল ছয়টায় গ্যাস চলে যায়। আসে বিকেল তিনটায়। আবার সন্ধ্যা ছয়টার দিকে গ্যাস চলে যায়, আসে রাত ১০টায়। বিষয়টি নিয়ে তিতাস কর্তৃপক্ষের সঙ্গে অনেক দেনদরবার করেও অবস্থার উন্নতি হয়নি বলে জানান এলাকাবাসী।তবে তিতাস সূত্র জানায়, ওই এলাকায় উন্নয়ন কাজ (নতুন পাইপলাইন স্থাপন ও সম্প্রসারণ) চলছে। আর বেশি দিন গ্যাসের সরবরাহ সমস্যা থাকবে না।পয়োনিষ্কাশন সমস্যা: নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় মুগদাপাড়া এলাকার অধিকাংশ পয়োনিষ্কাশন লাইন একেবারেই বন্ধ হয়ে গেছে। নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ময়লা স্থানীয় খালে নির্গত হতে পারছে না। ফলে এলাকার সড়কের বিভিন্ন ম্যানহোল উপচে ময়লা ওঠার ঘটনা প্রায় নিয়মিত। সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকা দূষিত নোংরা পানিতে সয়লাব হয়ে যায়। ম্যানহোলের পচা পানি ও বৃষ্টির পানি মিলে সৃষ্টি হয় এক দুঃসহ পরিবেশ। স্থানীয় শাহাবুদ্দিন-আছিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদুল কবির বলেন, যত দিন যাচ্ছে পয়োনিষ্কাশন ব্যবস্থা ততই ভেঙে পড়ছে। পানি কেনা যায় বা অন্য এলাকা থেকে আনা যায়। গ্যাস না থাকলে খাবারও কেনা কেনা যায়। কিন্তু পয়োনিষ্কাশনের এই অবস্থা হলে এলাকায় থাকাই অসম্ভব হয়ে পড়বে।রাস্তাঘাট ভাঙা: সায়েদাবাদ-মালিবাগ সড়ক (বিশ্বরোড) থেকে ৩০ ফুট প্রশস্ত একটি শাখা সড়ক গেছে দক্ষিণ মুগদাপাড়ার মান্ডা সেতু পর্যন্ত। এটাই মুগদাপাড়ার প্রধান সড়ক। দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। এটাকে কেন্দ্র করে ওই এলাকায় বিভিন্ন শাখা সড়ক হয়েছে। কিন্তু প্রধান সড়কটির একটি জায়গাও অক্ষত নয়। কোথাও কোথাও ভয়ংকর গর্ত। গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে।এ ছাড়া প্রধান সড়কে ওঠার সব শাখা সড়ক ও অলিগলি ভাঙা, খানাখন্দে ভরা। দক্ষিণ মুগদাপাড়ার ব্যাংক কলোনি, খালপাড়, মদিনাবাগ রোড, ওয়াসা রোড, কমিউনিটি সেন্টার গলি, ওয়াপদা রোড, উত্তর মুগদা জিরো পয়েন্ট, দক্ষিণ মুগদা মাদবর গলি, সাত নম্বর গলিসহ এলাকার অধিকাংশ গলির অবস্থাও শোচনীয়। এসব রাস্তায় একবার যানজট সৃষ্টি হলে তো আর কথাই নেই। বিশেষ করে বাশার টাওয়ারের সামনে চৌরাস্তা দিয়ে মুগদাসহ মান্ডা ও বাসাবোর হাজার হাজার লোক যখন একসঙ্গে চলাচল করে তখন যানজট খুলতে দুই-তিন ঘণ্টাও লেগে যায়। ওয়ার্ড কাউন্সিলর কী বলেন: অপরিহার্য নাগরিক সুবিধার এই অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুল হুদা প্রথম আলোকে বলেন, গত প্রায় ছয় বছরেও তাঁর এলাকায় কোনো রাস্তার উন্নয়ন বা সংস্কারকাজ হয়নি। সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের তৈরি করা একটি ‘আমব্রেলা প্রজেক্ট’ তৈরি করে ব্যয় প্রাক্কলন করা হয়েছে। কিন্তু বিষয়টি একনেক সভায় আজও উপস্থাপন করা যায়নি। ফলে কোনো উন্নয়নকাজ শুরুই করা যাচ্ছে না।অচল পয়োনিষ্কাশনের কথা স্বীকার করে তিনি বলেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাড়িঘর, অতিরিক্ত লোক এবং সিটি করপোরেশন ও ওয়াসার মধ্যে সমন্বয়হীনতার কারণে এ ক্ষেত্রে একটা বাজে অবস্থা সৃষ্টি হয়েছে।পানির সংকট প্রসঙ্গে তিনি ওয়াসার বরাত দিয়ে বলেন, শুকনো মৌসুমে নদীর পানি কমে যায়, নষ্টও হয়ে যায়। তাই সায়েদাবাদ পানি শোধনাগার থেকে ওয়াসা সুপেয় পানি সরবরাহ করতে পারে না। বর্ষায় নদীর পানি বাড়লে পানির সমস্যা অনেকটা কমে। গ্যাস-সংকটের ব্যাপারে তিনি কিছুটা আশাব্যঞ্জক। তিনি বলেন, তিতাস প্রায় অর্ধেক এলাকার পাইপ ঠিক করেছে। বাকি কাজও দ্রুত শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।