জাতীয় ও স্থানীয় পর্যায়ের মানুষের সমস্যা, সম্ভাবনা ও আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন এখনো হচ্ছে না। তাই নাগরিক জবাবদিহিও নিশ্চিত হচ্ছে না। এ জন্য নাগরিক সাংবাদিকতাকে উৎসাহিত করা প্রয়োজন।গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারে বেসরকারি সংগঠন ‘যাত্রী’র মিলনায়তনে নাগরিক সাংবাদিকতা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার, এটিএন নিউজ, ডি নেট এবং মালটিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এটিএন নিউজের প্রধান নির্বাহী আশফাক কবীর বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে একজন নাগরিক সাংবাদিকতা করবেন। পিএসটিসির পরিচালক নিতাই কান্তি দাস বলেন, জনগণের মতামত তুলে ধরা গেলে তাদের কাছে সরকারের জবাবদিহি তৈরি হবে। ডি নেটের প্রধান নির্বাহী অনন্য রায়হান বলেন, নাগরিক সাংবাদিকতার মাধ্যমে সরাসরি তাদের মতামত প্রচার করা সম্ভব। অন্যদের মধ্যে এমসিসির প্রধান নির্বাহী আশ্রাফ আবীর, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা বক্তব্য দেন।