‘এখানেও পাচারকারী থাকতে পারে’ কথাটি শুনে সবাই একটু থমকে গেলেন। অচেনা লোকের হঠাৎ করে পরিচিত হয়ে ওঠা, নানা ছলছুতায় উপকারী বন্ধু সাজা এবং প্রলোভনকারীর বিভিন্ন লক্ষণের বর্ণনা ফুটে উঠছিল বয়াতি গানে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত মানবপাচারকারীদের নেটওয়ার্ক। তাই এই চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানালেন বয়াতি।গতকাল শনিবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চে নাটক, বাউলগান, লালনগীতি, পুতুলনাচ, গম্ভীরা, পালা গান, ধামের গান, ঢোল বাদন ও ডকু-ড্রামা বনপোড়া হরিণী প্রদর্শনীর মাধ্যমে মানবপাচারের কারণ, পরিণতির কথা তুলে ধরেন বিভিন্ন সাংস্কৃতিক দলের প্রতিনিধিরা। একইভাবে নতুন জামার প্রলোভন বা চাকরির প্রলোভন দেখিয়ে মেয়েরা কীভাবে পাচারকারীর খপ্পরে পড়ে, পাচারকারীর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় এবং প্রতিরোধের কথাও তুলে ধরা হয়।দিনব্যাপী মানবপাচার প্রতিরোধে সাংস্কৃতিক এ প্রচারের আয়োজন করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)। তৃণমূলের বিভিন্ন এনজিওর মাধ্যমে গঠিত সাংস্কৃতিক দলগুলো নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।প্রকল্পের একজন উপকারভোগী সিরাজগঞ্জের লক্ষ্মী রানী। মঞ্চে দাঁড়িয়ে তিনি দৃঢ়কণ্ঠে সবাইকে পাচারকারী থেকে সাবধান হওয়ার আহ্বান জানালেন। উঠান বৈঠক থেকে শেখা পাচার নিয়ে কথাগুলো তিনি তাঁর মতো করে বলে গেলেন।লক্ষ্মী রানীর মেয়ে সুন্দরী। আশপাশের ছেলেদের যন্ত্রণায় একসময় ভয়ে লেখাপড়া বন্ধ হতে বসেছিল। সে সম্ভাব্য পাচারের শিকারের তালিকাতেও ছিল। প্রকল্পের আওতায় লক্ষ্মী রানীকে ২০ হাজার টাকা দেওয়া হয়। অফেরতযোগ্য সেই টাকা দিয়ে তিনি প্রথমে ছাগল এবং পরে গরু কেনেন। মেয়েকে এসএসসি পাস করান। বর্তমানে হোস্টেলে থেকে মেয়ে পড়াশোনা করছে।প্রকল্প শেষ হয়ে যাচ্ছে, মেয়ের পড়াশোনা বন্ধ করে দেবেন কি না, প্রথম আলোর পক্ষ থেকে লক্ষ্মী রানীকে প্রশ্ন করা হলে তিনি দৃঢ়কণ্ঠেই উত্তর দিলেন, ‘কষ্ট হলেও যে করেই হোক, মেয়ের পড়াশোনা চালাইয়া যামু।’আইওএমের জাতীয় কর্মসূচি কর্মকর্তা জাকিয়া কে হাসান বলেন, সচেতন করতে হলে পরিবারকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার কোনো বিকল্প নেই। আর প্রকল্প শেষ হলেও প্রকল্পের মাধ্যমে যে সচেতনতা তৈরি হয়েছে, তা টেকসই হলেই বোঝা যাবে, প্রকল্প সার্থক হয়েছে।আয়োজকেরা জানালেন, এ প্রকল্পের মাধ্যমে লক্ষ্মী রানীর মতো পাচারের শিকার হতে পারে—এ ধরনের সম্ভাব্য পরিবারও পাচারের শিকার হয়েছে, সেই ধরনের পরিবারের দুই হাজার নারীকে আর্থিক সহায়তাসহ বিভিন্নভাবে পাচার সম্পর্কে সচেতন করা হয়েছে। পাশাপাশি এলাকাভিত্তিক সাংস্কৃতিক দল তৈরি করা হয়েছে।রবীন্দ্রসরোবরে পাচার বিষয়ে বিভিন্ন লিফলেট, বই, নির্দেশিকা দিয়ে সাজানো স্টল ঘুরে দেখেন আইওএমের আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতেমা। অ্যাটসেক বাংলাদেশের চেয়ারপারসন এ কে এম মাসুদ আলী, বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।