নাজিয়া আন্দালিব প্রিমার একক প্রদর্শনী

দেশের ভিজ্যুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালিব প্রিমার ২২তম একক প্রদর্শনী প্রিমা ডোনা অনুষ্ঠিত হচ্ছে। ২ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরে এই প্রদর্শনী চলবে। শনি থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা এবং শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এটি চলবে।
নাজিয়া আন্দালিব প্রিমা এই প্রদর্শনী সম্পর্কে বলেন, ‘আমার কাছে শিল্প সর্বোপরি দুর্বল। শিল্পে আধ্যাত্মিক এবং প্রাসঙ্গিক বিষয়বস্তু না থাকলে আমি শিল্পকে ভেঙে আমার নিজস্ব প্রসঙ্গ দিয়ে তাতে নতুন মাত্রা যোগ করি। তাই এই প্রদর্শনীতে চিত্রাঙ্কন, ইনস্টলেশন, পাঠ্য ও পারফরম্যান্সের সমন্বয় রয়েছে, যা আমার নিজস্ব অস্তিত্বের স্বাধীনতাকে উপস্থাপন করে।’
নাজিয়া আন্দালিব আরও বলেন, ‘প্রিমা ডোনা রোমাঞ্চকর, কল্পনাশক্তিসম্পন্ন এবং নতুন সম্ভাবনার দ্বারা পূর্ণ।’
নাজিয়া আন্দালিব প্রিমা বরাবরই তাঁর ক্যানভাসে গতানুগতিক কিংবা ডিজিটাল মাধ্যমে নারী প্রতিনিধিত্বকে রূপক অর্থে প্রকাশ করে যাচ্ছেন। তিনি ২০১৯ সালে লা বিয়েনেল দা ভেনেজিয়াতে বাংলাদেশ প্যাভিলিয়নের প্রতিনিধিত্ব করেন। দেশ ও বিদেশে বিভিন্ন পুরস্কারে তাঁকে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে ২০১৪ সালে বাংলাদেশের সৃজনশীল ক্ষেত্রে ভূমিকার স্বীকৃতি হিসেবে অনন্যা পুরস্কার, আর্ট রেসিডেন্সির জন্য ২০১২ সালে ফুকুয়াকা জাদুঘর অনুদান, বাংলাদেশ চারুশিল্প পরিষদ চিত্রাঙ্কনে শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার অন্যতম।
প্রাইড বাংলাদেশের ২০১৬ সালের শ্রেষ্ঠ ভিজ্যুয়াল আর্টিস্টের স্বীকৃতি, ভিজ্যুয়াল আর্টস বিভাগে বেসিস (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) অ্যাওয়ার্ড ২০১৬–সহ রয়েছে আরও সম্মাননা। বর্তমানে নাজিয়া আন্দালিব প্রিমা বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিরেক্টর ও ক্রিয়েটিভ এডিটর, উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়া বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত মিস সিডসেল ব্লেকেন, বিশেষ অতিথি বেঙ্গল গ্রুপের সভাপতি আবুল খায়ের এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট রোকিয়া আফজাল রহমান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিস শামসুজ্জামান খান এই অধিবেশনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, শিল্প নজরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক জেনারেল মো. রিয়াজ আহমেদ।