চলছে ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ (২০১৬) জাতীয় উৎসব আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয়েছে। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা তুলে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাম্মদ দানীউল হক।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক দানীউল হক বলেন, যারা এখানে জাতীয় পর্যায়ে অংশ নিয়েছে, তাদের অভিনন্দন। ভবিষ্যতে প্রতিযোগীরা আরও ভালোভাবে ভাষা শিখবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উৎসবে অংশ নিচ্ছে সারা দেশের ৫৮০ জন প্রতিযোগী। উদ্বোধনের পর প্রতিযোগীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার পর সংগীত, জাদুসহ সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে। সংগীত পরিবেশন করবেন ব্যান্ড চিরকুট ও শিল্পী হৃদয় খান। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আছেন, ভাষা প্রতিযোগের জাতীয় সমন্বয়কারী অধ্যাপক তারিক মনজুর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসাদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তারেক রেজা, একই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাহেল রাজীব, রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা ও এইচএসবিসির প্রতিনিধি আবদুল্লাহ আল জুবায়ের।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, সৌমিত্র শেখর, এইচএসবিসির প্রধান নির্বাহী ফ্রাঁসোয়া দ্য ম্যারিকো ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
এ বছর সিলেট, ময়মনসিংহ, যশোর, বরিশাল, চট্টগ্রাম, বান্দরবান, সৈয়দপুর (নীলফামারী), নাটোর ও ঢাকায় মোট নয়টি আঞ্চলিক উৎসবে স্কুল ও কলেজের ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। আঞ্চলিক উৎসবগুলো থেকে বিজয়ী ৫৮০ জনকে নিয়ে বসবে জাতীয় উৎসবের এই আসর।
প্রচার সহযোগী হিসেবে এ বছর যুক্ত হয়েছে চ্যানেল নাইন।