নানা আয়োজনে জনসংখ্যা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভা, নবীনবরণ, আন্তহল বিতর্ক ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইউএনএফপিএর সহযোগিতায় পপুলেশন সায়েন্সেস বিভাগ দিনভর এসব কর্মসূচি পালন করে।পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান মো. মেহেদী হাসান খানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতেই জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। জনসংখ্যা বৃদ্ধির এই হার নিয়ন্ত্রণ করতে না পারলে আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। তিনি প্রশিক্ষিত ও সুশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষাই কার্যকর জন্মনিরোধকের ভূমিকা পালন করতে পারে।সভায় অন্যান্যের মধ্যে ইউএনএফপিএ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি নূর মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।অনুষ্ঠানে আন্তহল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জহুরুল হক হল ও রানারআপ হাজি মুহম্মদ মুহসীন হল বিতর্ক দলকে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া আন্তবিভাগ রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী ফারজানা বেগম, দ্বিতীয় স্থান অধিকারী পপুলেশন সায়েন্সেস বিভাগের ছাত্র মো. শিপলু জামান এবং তৃতীয় স্থান অধিকারী ব্যবস্থাপনা বিভাগের ছাত্র কবির হাসানকে পুরস্কার দেওয়া হয়।এর আগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ এতে নেতৃত্ব দেন। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ মীজানুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।