নানা আয়োজনে জবিতে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষবরণে ক্যাম্পাসে ছিল মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকাশনা প্রদর্শনীসহ নানা আয়োজন। করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর বর্ষবরণে অংশ নিতে পেরে শিক্ষার্থীরা ছিলেন উচ্ছ্বসিত
ছবি: দীপু মালাকার

অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ষবরণ উদ্‌যাপন করা হয়েছে। বাংলা নববর্ষ ১৪২৯ বরণে ক্যাম্পাসে ছিল মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকাশনা প্রদর্শনীসহ নানা আয়োজন। করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর বর্ষবরণে অংশ নিতে পেরে শিক্ষার্থীরা ছিলেন উচ্ছ্বসিত।

আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সংগঠনের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক বলেন, বাংলা বর্ষবরণ উৎসব অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতীক। পয়লা বৈশাখ বাঙালি জাতিসত্তার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা এটি বজায় রাখার চেষ্টা করব, এটি অব্যাহত রাখব।

তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে পয়লা বৈশাখ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়, বিপক্ষে লেখালেখি করা হয়। অনুষ্ঠান কার সেটা নিয়ে সমালোচনা হয়। উপাচার্য বলেন, নতুন প্রজন্ম যেন আরও ভালো করে এটি ধারণ করে। অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে আমরা যেন এগিয়ে যেতে পারি।

মঙ্গল শোভাযাত্রার মূল ভাবনায় ছিল ‘প্রকৃতি’। শোভাযাত্রায় একটি মাছরাঙা পাখির প্রতিকৃতি তুলে ধরা হয়। বাঘসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ও প্যাঁচার মুখোশ নিয়ে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন
ছবি: দীপু মালাকার

মঙ্গল শোভাযাত্রার মূল ভাবনায় ছিল ‘প্রকৃতি’। শোভাযাত্রায় একটি মাছরাঙা পাখির প্রতিকৃতি তুলে ধরা হয়। বাঘসহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ও প্যাঁচার মুখোশ নিয়ে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে।

মঙ্গল শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মুজিব মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।