নানা আয়োজনে ঢাবিতে বুদ্ধিজীবী দিবস পালন
আলোচনা সভা, মানববন্ধন, মৌন মিছিলসহ নানা আয়োজনে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এসব অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচার এবং বুদ্ধিজীবীদের হত্যার সুষ্ঠু তদন্তের দাবি উচ্চারিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে কালো পতাকা উত্তোলন, মৌন মিছিল, আলোচনা সভা, জগন্নাথ হল প্রাঙ্গণের স্মৃতিসৌধ ও বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আলোচনা সভায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা হলেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের উপস্থাপনায় আলোচনায় সভায় বক্তব্য দেন উপ-উপাচার্য হারুন-অর-রশীদ, কোষাধ্যক্ষ মীজানুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ নাজমা শাহীন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি মফিজুল ইসলাম প্রমুখ।মুক্তিযুদ্ধে জহুরুল হক হলের শহীদদের স্মরণে হলের প্রধান ফটকে স্বাধীনতা স্মারকস্তম্ভ স্থাপন করা হয়েছে। স্তম্ভের দুটি ম্যুরালের একটিতে ছাত্র ও কর্মচারীদের প্রতিকৃতি এবং অন্যটিতে সার্জেন্ট জহুরুল হকের প্রতিকৃতি রয়েছে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল বিকেলে এই স্তম্ভের উদ্বোধন করেন। এ ছাড়া শহীদ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের হত্যার তদন্তসহ তিন দফা দাবিতে মানববন্ধনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিজয় উৎসব শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।