নানা আয়োজনে ভাষাশহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সোমবার একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল জনতার উপচে পড়া ভিড়। বীর শহীদ ও ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয় সর্বস্তরের মানুষ, দেশের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এসব সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আয়োজন করে আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।শহীদ দিবস উপলক্ষে প্রধান বিরোধী দল বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে দলটি। কেন্দ্রীয় নেতারা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ওই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই বাকশালি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দলের পক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় দলের পলিটব্যুরোর সদস্যরা উপস্থিত ছিলেন। দিবসটি পালন উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ইসলামিক ফাউন্ডেশন সকাল সাতটায় আজিমপুর কবরস্থানে পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর সপ্তাহব্যাপী একুশে স্মরণে আলোকচিত্র প্রদর্শনী এবং শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রদর্শনীর আয়োজন করে। ঢাকা আলিয়া মাদ্রাসা দিনটি উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে। এ ছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা, কৃষক শ্রমিক জনতা লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি—বাংলাদেশ ন্যাপ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড ইউনিভার্সিটি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র ফ্রন্ট, জিয়া সেনা, জালালী পার্টি, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, প্রগতিশীল শিক্ষক ফোরাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফোরাম, জাতীয় নাগরিক সমাজ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ, চট্টগ্রাম সমিতি-ঢাকা, জসীমউদ্দীন ইনস্টিটিউটসহ নানা সংগঠন।