বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন পালন করেছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। ক্লাস বন্ধ থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা, মিলাদ মাহফিল, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে সরকারি সংগীত কলেজে বঙ্গবন্ধুবিষয়ক জাতীয় উন্মুক্ত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বঙ্গবন্ধুকে ‘ইতিহাসের মহানায়ক’ আখ্যা দিয়ে বলেন, সোনার বাংলার স্বপ্ন নিয়ে তিনি জাতিকে স্বাধীন করেছিলেন। তাঁর স্বপ্নের সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারাই হবে তাঁর প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য। শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধুর নেতৃত্ব, ত্যাগ, সাহস, দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান ও সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বক্তৃতা করেন। অনুষ্ঠানে সাহিত্যিক সেলিনা হোসেন, নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া শিশু চিত্রাঙ্কন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।৩০ পাউন্ড ওজনের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্রছাত্রী সংসদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সৈয়দ রেজাউর রহমান।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক সিরাজুল হক মোমবাতি জ্বেলে ও কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন।ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ দিবসটি উপলক্ষে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসার প্রায় পাঁচ শ শিক্ষার্থীর মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তৃতা করেন সমিতির সভাপতি নুরুল আবছার, মো. সিদ্দিকুর রহমান, মনোয়ারা বেগম প্রমুখ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ দিবসটি উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শেখ ফজিলাতুন্নেসা ইসলামিক মহিলা কলেজ।