নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন
বিভিন্ন দল ও সংগঠনের নানা আনুষ্ঠানিকতা এবং শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গতকাল রোববার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে ছিল অগণিত মানুষের ভিড়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সবাই শ্রদ্ধা নিবেদন করেন। দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়।সকাল সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং সাংসদেরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, এস এ মালেক, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, সাহারা খাতুন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।একই সময়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাতটা থেকে বঙ্গবন্ধু জাদুঘর ও এর আশপাশের এলাকায় আগত মানুষের ভিড় বাড়তে থাকে। এ সময় সর্বস্তরের মানুষ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, তাদের সহযোগী সংগঠন এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ব্যানার, ফেস্টুন ও ফুল হাতে নিয়ে ৩২ নম্বর সড়কের পূর্ব ও পশ্চিম পাশে জমায়েত হতে থাকে। তাদের কণ্ঠে উচ্চারিত হয়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, দিতে হবে’ স্লোগান। শেখ হাসিনা ৩২ নম্বর সড়ক ত্যাগ করার পর তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, ওমর ফারুক চৌধুরী ও হারুনুর রশিদের নেতৃত্বে যুবলীগ, এইচ এম বদিউজ্জামান ও সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে ছাত্রলীগ, মোল্লা আবু কায়সার ও পংকজ দেবনাথের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।এ ছাড়া কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মৎস্যজীবী লীগ, হকার্স লীগ, তাঁতী লীগ, ওলামা লীগ, বঙ্গবন্ধু লেখক সমিতি, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, রিকশা-ভ্যান শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগ, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, কৃষিবিদ ইনস্টিটিউশন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, বঙ্গবন্ধু আইন পরিষদ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনসহ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানায়।এর বাইরে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শোভাযাত্রার আয়োজন করে। এ সময় ছাত্রলীগের নেতারা মানবতাবিরোধী অপরাধীদের পক্ষের তৎপরতা প্রতিরোধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ফেসবুক ও ব্লগে অ্যাকাউন্ট খোলার আহ্বান জানান।বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিবসটি উদ্যাপন করেন। সায়েদাবাদ, ফুলবাড়ীয়া ও মহাখালী বাস টার্মিনালে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন সমিতি। এ ছাড়া আরও অনেক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করে।