নানা কর্মসূচিতে বিশ্ব পানি দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। ‘পানি বাণিজ্যিক পণ্য নয়, প্রাণ ও প্রকৃতির মৌলিক অধিকার’ স্লোগান সামনে রেখে দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন সেমিনার, আলোচনা সভা ও মানববন্ধন করে।গতকাল সকালে নগরের একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জাতিসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় সেমিনারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, নদীমাতৃক বাংলাদেশে পানিকে ব্যয়সাপেক্ষ পণ্যে পরিণত হতে দেওয়া যাবে না। প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে। সর্বস্তরের মানুষের মধ্যে সুস্বাস্থ্য ও নিরাপদ পানি সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আলোচনায় অংশ নেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অ্যাড স্পাইকস, জাইকা প্রতিনিধি তাকাও তোদা, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রমুখ। সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ডব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল সকালে এক আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা পানির উৎস সংরক্ষণ ও পানি পুনর্ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর তাগিদ দেন।দিবসটি উপলক্ষে ওয়াসা ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। মানববন্ধনে বক্তারা সবার জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, মানুষের সুবিধার কথা বিবেচনা করে সরকারকে সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সেই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমেই পানির সংকট মোকাবিলা করা সম্ভব।পানি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে যৌথভাবে অবস্থান কর্মসূচি পালন করে নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও ক্যাম্পেইন ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এতে বক্তারা বলেন, পানির ক্রমবর্ধমান সংকট রোধে দৈনন্দিন কাজে ব্যবহূত পানির পুনর্ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। প্রতিটি বাড়িতে পানির পুনর্ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হলে সংকট ও অপচয় রোধ হবে।