নানা সমস্যা ও দাবির কথা বললেন পুলিশ কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কর্মকর্তারা ঢাকায় পুলিশের নিয়ন্ত্রণাধীন ডিএনএ ল্যাব স্থাপন, মুক্তিযোদ্ধা পুলিশ কল্যাণ ট্রাস্ট ও পরিবেশ পুলিশ ইউনিট গঠন এবং পুলিশ সংস্কারবিষয়ক স্টিয়ারিং কমিটিতে র্যাব, সিআইডি, এসবিসহ পুলিশের সব ইউনিট থেকে একজন করে সদস্য রাখার প্রস্তাব করেছেন।গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে আইনশৃঙ্খলা সম্মেলনে এসব প্রস্তাব করা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ছাড়াও পুলিশ সুপার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে পুলিশ কর্মকর্তারা বলেন, পুলিশের চিকিত্সাব্যবস্থা খুবই নাজুক। রাজারবাগ পুলিশ হাসপাতালসহ সারা দেশে পুলিশের পৃথক হাসপাতাল থাকলে সেখানে বিশেষজ্ঞ চিকিত্সক কিংবা চিকিত্সাসামগ্রী নেই। কোথাও কোথাও চিকিত্সকের পদটিও খালি। জেলা সিভিল সার্জন কাউকে দায়িত্ব দিলে ওই চিকিত্সককে নিয়মিত হাসপাতালে পাওয়া যায় না।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রস্তাবগুলোর সঙ্গে সরকার মোটামুটি একমত। দীর্ঘদিন ধরে পুলিশ বিভাগের নানা সমস্যা সমাধানের জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। এরই অংশ হিসেবে পুলিশের জনবলসমস্যা সমাধানের জন্য আগামী তিন বছরে পর্যায়ক্রমে ৩২ হাজার পুলিশ সদস্য নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, পুলিশ কাউকে সালাম দিলে তিনি খুশি হন। কিন্তু পুলিশের সমস্যার কথা শোনার কেউ নেই।পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফণীভূষণ চৌধুরী বলেন, ‘পুলিশ সংস্কার প্রকল্প শুরু হয়েছে তিন বছর আগে। এর মধ্যে আমরা কতবার বিদেশে গেলাম, কত সেমিনার করলাম, কিন্তু এর ফলাফল কী?’মিরপুর বিভাগের উপকমিশনার লুত্ফুল কবির বলেন, স্বাধীনতাযুদ্ধে পুলিশের বহু সদস্য শহীদ হয়েছেন। তাঁদের সম্মানে পুলিশ বাহিনীকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য মনোনীত করার প্রস্তাব দেন তিনি।রাজশাহী জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, পুলিশের মহাপরিদর্শক পদটি র্যাংক ব্যাজের মাধ্যমে অবমূল্যায়ন করা হয়েছে। পদটির মর্যাদা ফিরে পেতে তিনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। তিনি আইজি পদ (র্যাংক) ও ব্যাজ উন্নীত করে গাড়িতে তিন তারকা মনোগ্রাম ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য সরকারে কাছে প্রস্তাব করেন।