ঈদ সামনে রেখে বাজারে নামকরা প্রতিষ্ঠানের পণ্য নকল ও ভেজাল হচ্ছে। ভেজালকারীরা নামীদামি কোম্পানির মোড়কে সেমাই, নুডলসসহ বিভিন্ন পণ্য নকল করে বাজারজাত করছে। সম্প্রতি ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষয়গুলো ধরা পড়ে।গত রোববার ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার ওয়াটার ওয়াক্স রোডে জনৈক শহীদের মালিকানাধীন একটি নুডলস তৈরির কারখানায় অভিযান চালান। ওই কারখানার মালিক ম্যাগি নুডলস নকল করে তা বাজারজাত করে আসছেন। এই অপরাধে আদালত কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। বিএসটিআইয়ের কর্মকর্তা আসিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াটার ওয়াক্স রোডে শহীদের কারখানায় অভিযান চালানো হয়। ওই কারখানার চতুর্থ তলার একটি কক্ষ থেকে ১০ কার্টন নকল ম্যাগি নুডলস উদ্ধার করা হয়েছে।এ প্রসঙ্গে ভেজাল নুডলস কারখানার মালিক শহীদুল ইসলাম টেলিফোনে প্রথম আলাকে জানান, তিনি বাজার থেকে খোলা নুডলস কিনে তা ম্যাগি নুডলসের আদলে প্যাকেট তৈরি করে তাতে বাজারজাত করে আসছেন। তাঁর মতো আরও ছয়-সাতজন এ কাজ করেন। এক প্রশ্নের জবাবে তিনি দোষ স্বীকার করে বলেন, এমন কাজ আর কখনো করবেন না। তিনি পরিচিতজনের কাছ থেকে ধার করে জরিমানার এক লাখ টাকা পরিশোধ করেছেন বলেও জানান। এদিকে গতকাল প্রথম আলোয় ‘পাঁচ সেমাই কারখানাকে চার লাখ টাকা জরিমানা’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে নেসলে বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে একটি সংশোধনী দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদে ভুলবশত ম্যাগি নুডলস কারখানার নাম উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে পুরান ঢাকার ওই কারখানায় নিম্নমানের নকল ম্যাগি নুডলস অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল। এর সঙ্গে নেসলে বাংলাদেশ লিমিটেডের প্রস্তুত করা ম্যাগি নুডলসের কোনো সম্পর্ক নেই। এতে আরও বলা হয়, ম্যাগি নুডলস একটি বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ড, যা বহু বছর ধরে নেসলে বাংলাদেশ লিমিটেড কর্তৃক শ্রীপুরে আন্তর্জাতিকমানের কারখানায় তৈরি ও বাজারজাত হচ্ছে। নেসলে বাংলাদেশ লিমিটেড এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।গত ২ আগস্ট ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার ১৭ হেকিম হাবিবুর রহমান লেনের নাজিয়া স্টোরে অভিযান চালান। ওই প্রতিষ্ঠানে পাওয়া যায় পাকিস্তানের বিখ্যাত কুলসন নকল সেমাই। আদালত প্রতিষ্ঠানটির গুদামঘরের ৫০০ কার্টন নকল কুলসন সেমাই ও ৪০০ ঝুড়ি কদমফুল সেমাই জব্দ করেন। প্রতিটি কার্টনে ২০০ গ্রামের প্যাকেট ছিল ৪৮টি এবং প্রতি ঝুড়িতে সেমাই ছিল ৪০ কেজি। সেমাইয়ের প্যাকেটে লেখা রয়েছে ‘কক ভারমিসেল্লি।’ আরেক স্থানে লেখা রয়েছে ‘ইউডিএল এসই পাকিস্তান।’ প্যাকেটের নিচে বাম পাশে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা লেখা রয়েছে সাজিদ ফুড প্রোডাক্টস, ১৭ ছোট কাটারা, ঢাকা, বাংলাদেশ। আরেকটু নিচে কারখানার ঠিকানা লেখা রয়েছে আশ্ররাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা, বাংলাদেশ। ঠিকানার ডান পাশে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হয়েছে। গত শনিবার ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার বেগমবাজার এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আলাউদ্দিনের নকল লাচ্ছা সেমাই জব্দ করেন। নকল সেমাই তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই প্রতিষ্ঠানকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নকল সেমাই ধ্বংস করা হয়। জব্দকৃত বিপুল পরিমাণ সেমাই ধ্বংস: ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বিপুল পরিমাণ নকল সেমাই বিএসটিআই গত সোমবার ধ্বংস করেছে। গত ২ আগস্ট ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার ছোট কাটারার নাজিয়া স্টোরে অভিযান চালিয়ে পাকিস্তানি নকল কুলসন সেমাই উদ্ধার করেন। পরে তা সিলগালা করে জব্দ করা হয়। আদালতের নির্দেশে গতকাল এগুলো ধ্বংস করা হয়। বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে র্যাব, পুলিশের উপস্থিতিতে সিলগালা দোকান ও গুদাম খোলা হয়। পরে সেখানে থাকা ৪০০ কার্টন নকল কুলসন ও কদমফুল সেমাই ট্রাকে করে নিয়ে ডেমরার ড্রাম্পিং স্ট্যান্ডে ধ্বংস করা হয়।