নামঞ্জুরের পরদিনই জামিন হত্যা মামলার ১১ আসামির
একটি হত্যা মামলায় নামঞ্জুরের পরদিন ১১ আসামিকে জামিন দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত এই জামিন আবেদন মঞ্জুর করেন।সাভার থানার করা ওই মামলায় নামঞ্জুরের পরদিন আসামিদের জামিন হওয়াকে আইনজীবীরা বলেছেন অস্বাভাবিক। জামিন পাওয়া ব্যক্তিরা হলেন: মোহাম্মদ আলী মাতব্বর, সজল মাতব্বর, ওয়াসিম মাতব্বর, শাহিনুর মাতব্বর, রাসু মাতব্বর, জহির মাতব্বর, রেজু মাতব্বর, নুরু মাতব্বর, আফাজ উদ্দিন ওরফে আফা মাতব্বর, ইমরান ও আরাফাত।এ বিষয়ে সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, গত বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী সহিদুল ইসলামের আদালতে ১১ জন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরদিন অতিরিক্ত মুখ্য বিচারক হাকিম নাজমুল হক শ্যামলের আদালতে ওই ১১ জনের পক্ষে বিশেষ অনুমতি দিয়ে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করে বলা হয়, এক দিন আগে আসামিদের জামিনের আবেদন নাকচ করা হয়েছে। তাই নতুন করে জামিন চাওয়ার মতো কোনো উপাদান নেই।এ বিষয়ে ঢাকার আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, জামিন দেওয়া না-দেওয়া আদালতের নিজস্ব এখতিয়ার। কিন্তু একটি তদন্তাধীন মামলায় নামঞ্জুরের এক দিন পর জামিন দেওয়া অস্বাভাবিক। আদালত সূত্র জানায়, ঢাকা জেলার আশুলিয়া থানার পাড়াগ্রামের তাফাজ্জল হোসেনের ছেলে জুবায়েদ গত ১৩ মার্চ হত্যাকাণ্ডের শিকার হন। পরদিন সাভার থানার দেউন এলাকার আয়নাল হকের জমি থেকে জুবায়েদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জুবায়েদের বাবা তাফাজ্জল বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা করেন। মামলায় বলা হয়, আসামিরা তাফাজ্জলের জায়গা দখল করে রাস্তা করার চেষ্টা করেন। এ নিয়ে আসামিদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। আসামিরা বাদী ও তাঁর ছেলেকে হত্যার হুমকি দেন। এর এক দিন পরই বাদীর ছেলে হত্যাকাণ্ডের শিকার হন।