নামমাত্র নিলামে মালামাল বিক্রি

স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ একটি চক্র প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের মালামাল আড়াই লাখ টাকায় বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্ছেদ অভিযান শেষে মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। সম্প্রতি রাজধানীর লাউতলা খালে
ছবি: প্রথম আলো

রাজধানীর লাউতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় একতা কাঁচাবাজারের বেশ কিছু মালামাল ‘জব্দ’ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর মধ্যে ছিল লোহার পাইপের খুঁটি, লোহার অ্যাঙ্গেল ও ইন্ডাস্ট্রিয়াল টিন। যেগুলো নিলামে ২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। তবে বাজার কমিটির হিসাবে সেখানে প্রায় ৬৫ লাখ টাকার মালামাল ছিল।

অভিযোগ উঠেছে, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদের ঘনিষ্ঠ একটি চক্র কৌশলে নিলাম করে কম দামে সেগুলো বাগিয়ে নিয়েছে।

বাজারটিতে ‘একতা কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’ নামে সংগঠন আছে। সমিতির নেতারা বলছেন, বাজার উচ্ছেদ করা হবে না, এমন কথা বলে কাউন্সিলর আসিফ ও তাঁর লোকজন চাঁদা চেয়েছিলেন। সেই চাঁদা না দেওয়ার ক্ষোভ থেকেই বাজারটি উচ্ছেদ করিয়ে তাঁদের মালামাল লুট করা হয়েছে। মালামাল সরিয়ে নিতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি।

মোহাম্মদপুরের বছিলা এলাকায় লাউতলা খালের অবৈধ দখলদার উচ্ছেদে গত ২৩ জানুয়ারি অভিযান শুরু করে ডিএনসিসি। অভিযানে খালের প্রায় ১৭ কাঠা জায়গার ওপর গড়ে ওঠা একতা কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। বাজারের ঘরটি ২০ ফুট লম্বা ও ৬ ইঞ্চি চওড়া লোহার পাইপের ১৬০টি খুঁটি দিয়ে নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ১৪৯টি খুঁটির সঙ্গে লোহার অ্যাঙ্গেল ও টিন জব্দ করা হয়।

ডিএনসিসি কর্মকর্তারা বলছেন, নিলামে পাঁচজন অংশ নেন। তাঁদের মধ্যে মো. বায়োজিদ সর্বোচ্চ ২ লাখ ২০ হাজার টাকায় মালামাল কিনে নেন। মূল্য সংযোজন কর, আয়করসহ তাঁকে পরিশোধ করতে হবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

নিলামে কাউন্সিলরের ঘনিষ্ঠ যুবলীগ নেতারা: মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, নিলামে অংশ নেওয়া ৫ জনই ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতিতে সক্রিয়। তবে দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় কেউ কোনো পদে নেই। ওই পাঁচজনই ওয়ার্ড কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁরা হচ্ছেন কাউসার হামিদ, মো. বিপ্লব, আয়াত খান, মো. বায়োজিদ ও আরিফ হোসেন।

এ বিষয়ে কাউন্সিলর আসিফ প্রথম আলোকে বলেন, তিনি কাউন্সিলর হওয়ায় ছেলেপেলে তাঁর হবে, এটা খুবই স্বাভাবিক। তাঁর সঙ্গে যাঁরা থাকেন, তাঁরা তো একটু সুবিধা নিতে চাইবেনই। কিন্তু তাঁরা তো তাঁকে জিজ্ঞেস করে নিলাম করেননি।

ডিএনসিসির অঞ্চল-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ বলেন, হতে পারে একটি চক্র মালামালগুলো কিনেছে। তাঁর উদ্দেশ্য ছিল, নিলাম দিয়ে মালামাল অপসারণ করা।

স্থাপনা অপসারণে ছিলেন বায়োজিদ: ২৪ জানুয়ারি নিলাম হওয়ার আগে কাঁচাবাজারের স্থাপনাগুলো শ্রমিক নিয়োগ করে গ্যাস কাটার এনে কেটেছিলেন মো. বায়োজিদ। পরবর্তী সময়ে নিলামে তিনিই সর্বোচ্চ দরদাতা হন। বায়োজিদ বলেন, ‘নিজে শ্রমিক নিয়োগ করে গ্যাসের কাটার দিয়ে মালপত্র কাটিয়েছি। খরচও আমিই বহন করেছি। কাটার কাজ শেষ হওয়ার পর নিলাম হয়েছে।’

এ বিষয়ে ডিএনসিসি কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ বলেন, স্থাপনা কেটে অপসারণের জন্য কাউন্সিলরের সহায়তা নেওয়া হয়েছিল। কারণ, করপোরেশনের গ্যাস কাটার নেই।

নিলামে অংশই নেননি একজন: যে পাঁচ ব্যক্তির নাম প্রকাশ্য নিলামের বিবরণের নথিতে আছে, তাঁদের তিনজনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। আয়াত খান বলেন, ‘আমি নিলামে ছিলাম না। নিলামে অংশগ্রহণও করিনি।’ পরে আবার তিনিই ফোন করে এই প্রতিবেদককে বলেন, ‘আমার নিলামে অংশ নেওয়ার কথা ছিল। যখন নিলাম হয়, তখন হঠাৎ বাইরে গিয়েছিলাম বলে ছোট ভাইকে দাঁড় করিয়ে রেখে যাই।’ আর মো. বিপ্লব বলেন, ‘কত দর দিয়েছিলাম, নিলামে কততম হয়েছিলাম, খেয়াল আসছে না।’

নিলাম জেতা বায়োজিদ প্রথম আলোকে বলেন, ‘আমি কথাবার্তা বলে ডাক দিয়ে চলে গেছি। আমার লোকজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। তাই নিলামের সঠিক সময় বলতে পারছি না।’

যা বলছেন সংশ্লিষ্টরা: ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মহসীন উদ্দিন বলেন, কাঁচাবাজারে প্রায় ৮০ টনের মতো মালামাল ছিল। অভিযানে ৭০ টনের মতো মালামাল নিয়ে গেছে। এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

সমিতির সভাপতি ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম অহিদুর রহমান বলেন, কাউন্সিলর ও তাঁর গং কাঁচাবাজার ভেঙে মালপত্র নিয়ে গেছে। লোহার খুঁটি, অ্যাঙ্গেল, টিন, পানির পাম্প ও বিদ্যুতের মিটার—কিছুই বাদ রাখেনি। তিনি আরও অভিযোগ করেন, বাজার উচ্ছেদ না করার কথা বলে কাউন্সিলর আসিফ বহুবার ব্যবসায়ীদের কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু জায়গাটি দলীয়ভাবে গরিব ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়া হয়েছে বলে তাঁরা রাজি হননি। তবে কাউন্সিলরকে সমিতিতে যুক্ত থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ বলেন, কাঁচাবাজারের কয়েকটি পক্ষ মালামাল সরিয়ে নেওয়ার অনুমতি চাওয়ায় কাউকেই অনুমতি দেওয়া হয়নি। উচ্ছেদ করা মালামাল ভাঙারি পণ্য হিসেবে বিক্রি হয়েছে।

চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করে আসিফ আহমেদ বলেন, ‘আমি কখনো বাজারের সমিতিতে যাব না, এটা স্ট্যাটাসের (মর্যাদা) ব্যাপার।’