নামী কোম্পানির নামে প্যাকেটজাত হচ্ছে নকল লাচ্ছা সেমাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর সামনে রেখে একশ্রেণীর ব্যবসায়ী নোংরা ও নিম্নমানের পরিবেশে তৈরি করা লাচ্ছা সেমাই নামীদামি কোম্পানির নামে প্যাকেটজাত করে বাজারে ছাড়ছে।ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার পুরান ঢাকার বেগমগঞ্জ এলাকার একটি কারখানায় অভিযান চালালে বিষয়টি ধরা পড়ে। ওই কারখানা থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ সেমাই ধ্বংস করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।গতকাল দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার বেগমগঞ্জ লেন এলাকায় মনির হোসেনের মালিকানাধীন সেমাই কারখানায় অভিযান চালান। ওই কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল লাচ্ছা সেমাই। এসব সেমাই পাশের একটি ভবনে আলাউদ্দিন সুইট মিট লিমিটেড নামে প্যাকেটজাত হচ্ছিল। প্যাকেটটি হুবহু আসল আলাউদ্দিন সেমাইয়ের মতো করা হয়েছে। এতে কারও ধরার উপায় নেই প্যাকেটটি নকল।যোগাযোগ করা হলে আলাউদ্দিন সুইট মিট লিমিডেটের মগবাজার শাখার সহকারী ব্যবস্থাপক দুলাল রায় প্রথম আলোকে বলেন, আলাউদ্দিন সেমাই নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র ছাড়া পাওয়া যায় না। তবে পাইকারিভাবে যে সেমাই বিক্রি করা হয়, তা সিলেটে চলে যায়।আদালত পুরোনো জীর্ণশীর্ণ ওই ভবনের তৃতীয় তলায় গিয়ে দেখতে পান, নোংরা ও অপরিচ্ছন্ন একটি কক্ষে লাচ্ছা সেমাই তৈরি হচ্ছে। মেঝেতে একটি ডালার মধ্যে সেমাই তৈরির তেল ও ডালডা রাখা হয়েছে। পাশের একটি কক্ষে শিল্প-কারখানায় ব্যবহূত রং রাখা হয়েছে। এসব সেমাই ৭ বেগমগঞ্জ লেনের একটি ভবনের তৃতীয় তলায় প্যাকেটজাত করা হচ্ছিল। ১০ থেকে ১৫ বছর বয়সী সাত-আটজন শিশুশ্রমিক এসব সেমাই প্যাকেটজাত করছিল।আদালত পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, ওই কারখানার আটজন কর্মকর্তা-কর্মচারীকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।